জলবায়ু পরিবর্তনের প্রভাবে হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ ‘অ্যাম্বিশন অন মেল্টিং আইস’ (এএমআই)-এ যোগ দিয়েছে বাংলাদেশ। এ উদ্যোগে ২৬তম দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে দেশটি।
শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ভেন্যুতে বাংলাদেশের পক্ষে এএমআইতে যোগদানের আনুষ্ঠানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় এএমআই সেক্রেটারিয়েটের পরিচালক ড. প্যাম পিয়ারসন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বৈশ্বিক উষ্ণায়নের কারণে হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ঝুঁকি কমানো এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ এ উদ্যোগে যুক্ত হয়েছে।
তিনি বলেন, হিমবাহের বরফ গলার ঝুঁকি মোকাবিলা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ঠেকাতে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং বৈশ্বিক জলবায়ু সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশের এ অংশগ্রহণ গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক উষ্ণায়নের ফলে হিমবাহ ও বরফস্তরে দ্রুত পরিবর্তন ঘটছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে জলবায়ু ব্যবস্থার ভারসাম্য, পানিসম্পদের প্রাপ্যতা, জীববৈচিত্র্য ও পরিবেশগত নিরাপত্তার ওপর। পাশাপাশি মেরু অঞ্চলের স্থলভাগের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। এতে উপকূলীয় ও নিম্নভূমির দেশগুলো ক্রমেই বেশি ঝুঁকির মুখে পড়ছে।
বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য এ পরিস্থিতি বিশেষ উদ্বেগের। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি উপকূলীয় জনপদ, জীবিকা, কৃষি ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি চাপ তৈরি করতে পারে।
এএমআইতে যোগদানের মাধ্যমে হিমবাহ গলে যাওয়া ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মধ্যকার সম্পর্ক এবং এর বৈশ্বিক ও আঞ্চলিক প্রভাব নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা, সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগে যুক্ত হলো বাংলাদেশ।
জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন, জলবায়ু অর্থায়ন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষার বিষয়গুলো আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় দীর্ঘদিন ধরে তুলে ধরছে বাংলাদেশ। এএমআইতে অংশগ্রহণের মধ্য দিয়ে বৈশ্বিক জলবায়ু সুরক্ষায় বাংলাদেশের কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পৃক্ততা আরও বিস্তৃত হলো।

প্রথম দর্পণ,ডেস্ক