ভুয়া চাল আমদানির ক্রয়াদেশ ছড়ানো হচ্ছে সামাজিক মাধ্যমে, সতর্ক করল খাদ্য মন্ত্রণালয়

  • মোঃ শাহাদত হোসেন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৩ জুন ২০২৬, ১১:২২ রাত
  • ২৫২৩৪ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে খাদ্য অধিদপ্তরের নামে প্রচারিত একটি কথিত সরকারি ক্রয়াদেশকে সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। একই সঙ্গে এ ধরনের অপতথ্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

সোমবার (২৩ জুন) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক মাধ্যমে খাদ্য অধিদপ্তরের নামে ১৬ জুন ২০২৬ তারিখে জারিকৃত DGFOOD/IMP/RICE-IND/2026/1402 স্মারক নম্বরযুক্ত একটি কথিত সরকারি ক্রয়াদেশ প্রচার করা হচ্ছে। এতে ভারত থেকে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির তথ্য উল্লেখ করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, প্রচারিত ওই ক্রয়াদেশের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। খাদ্য মন্ত্রণালয় কিংবা খাদ্য অধিদপ্তর থেকে এ ধরনের কোনো আদেশ জারি করা হয়নি। এছাড়া পত্রটিতে ব্যবহৃত স্মারক নম্বর, তথ্য, ভাষা ও উপস্থাপনা সরকারি নথির প্রচলিত কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

মন্ত্রণালয়ের মতে, কথিত নথিটি সরকারি ক্রয় প্রক্রিয়ার নিয়ম ও বাস্তবতার সঙ্গেও সঙ্গতিপূর্ণ নয়। ফলে এটি জনসাধারণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক মাধ্যমে এ ধরনের ভুয়া সরকারি নথি প্রচারের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং সরকারি কার্যক্রম সম্পর্কে ভুল ধারণা জন্ম নিচ্ছে। তাই যেকোনো সরকারি সিদ্ধান্ত, ক্রয় কার্যক্রম বা প্রশাসনিক আদেশ সম্পর্কে তথ্য জানতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের অনুমোদিত ওয়েবসাইট অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভুয়া তথ্য প্রচার ও গুজব ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনায় রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad