অনুমোদনবিহীন কোনো এজেন্সি, গ্রুপ বা কাফেলার মাধ্যমে হজ পালনের সুযোগ নেই বলে স্পষ্টভাবে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত আকর্ষণীয় হজ প্যাকেজের প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার জন্য হজযাত্রী ও সাধারণ জনগণকে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অনুমোদনহীন এজেন্সি, গ্রুপ ও কাফেলা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় হজ প্যাকেজ প্রচার করে পবিত্র হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রলুব্ধ করার চেষ্টা করছে। অথচ সরকার অনুমোদিত, বৈধ লাইসেন্সধারী ও তালিকাভুক্ত হজ এজেন্সি ছাড়া অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, গ্রুপ বা কাফেলার মাধ্যমে হজ কার্যক্রম পরিচালনার সুযোগ নেই।
ধর্ম মন্ত্রণালয় আরও জানায়, অনুমোদনহীন কোনো এজেন্সি, ট্রাভেল এজেন্ট, গ্রুপ বা কাফেলার সঙ্গে হজ সংক্রান্ত আর্থিক লেনদেন করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে। তাই হজযাত্রীদের কেবলমাত্র তালিকাভুক্ত ও অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৭ সালের হজ প্যাকেজ ও সংশ্লিষ্ট নির্দেশিকা শিগগিরই প্রকাশ করা হবে। হজে গমনেচ্ছুদের সরকার ঘোষিত প্যাকেজ ও নীতিমালা অনুসরণ করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র হজ পালনের ক্ষেত্রে কোনো ধরনের বিভ্রান্তি বা প্রতারণা এড়াতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক