বুধবার (৪ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে তারেক রহমানের বক্তব্যের ভিডিওটি শেয়ার করেন মাসুদ সাঈদী। ভিডিওতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে দেখা যায় আমজনতার দলের এই নেতাকে।
ভিডিওতে তারেক রহমান বলেন, জাপান সফরে আওয়ামী লীগ নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। তবে জামায়াতের ‘গুপ্তগিরি’ নিয়ে আলোচনা হয়েছে। তাঁর দাবি, বিএনপি আওয়ামী লীগকে ভয় পায় না; বরং আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সক্রিয় থাকলে জামায়াতের অস্তিত্ব সংকট তৈরি হতো এবং দলটি এত আসন পেত না।
আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তারেক বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশের বড় দুটি রাজনৈতিক দল। এসব দলের সমালোচনা করা যায় এবং তারা নিজেদের ভুল দ্রুত স্বীকার করতেও জানে। তাদের ভুল ধরিয়ে দিলে শাস্তির মুখে পড়তে হয় না।
অন্যদিকে জামায়াতের এক সংসদ সদস্যের বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর তা নিয়ে সমালোচনা দলটি সহ্য করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, সমালোচনার জবাবে জামায়াত প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে বড় রাজনৈতিক দলগুলোর মন বড় হয়।
তারেক রহমানের এসব বক্তব্যের ভিডিও শেয়ার করে মাসুদ সাঈদীর ‘গোয়েন্দা তথ্য সঠিক— দুই দল এক হয়েছে’ মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক