রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দেওয়া বিবৃতিকে ‘দুরভিসন্ধিমূলক ও অনভিপ্রেত’ বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ঘটনার সঙ্গে জামায়াতের কোনো সম্পৃক্ততা না থাকলেও দলটিকে জড়িয়ে বিবৃতি দেওয়ায় তিনি টিআইবির সমালোচনা ও নিন্দা জানিয়েছেন।
সোমবার রাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে গোলাম পরওয়ারের এ প্রতিক্রিয়ার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন, যা গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে স্পষ্ট। এরপরও দায়িত্বশীল সংস্থা হিসেবে টিআইবির বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়ানো অগ্রহণযোগ্য ও অনাকাঙ্ক্ষিত।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে ন্যূনতম সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও জামায়াতকে জড়িয়ে এ ধরনের বিবৃতি দেওয়া দুরভিসন্ধিমূলক। এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নির্বিঘ্নে পালনের পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা করে দলটি। কোনো গোষ্ঠী বা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সাংবাদিকদের কাজে বাধা দেওয়া কিংবা সত্য প্রকাশে হুমকি দেওয়াকে জামায়াত সমর্থন করে না। বরং এ ধরনের ঘটনার প্রতিবাদে দলটি সোচ্চার ভূমিকা পালন করে।
তিনি ভবিষ্যতে জামায়াতকে জড়িয়ে মনগড়া ও তথ্যবিহীন বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে এবং এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে টিআইবির প্রতি আহ্বান জানান।
টিআইবির বিবৃতিতে যা বলা হয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে রোববার রাতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় টিআইবি। এতে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কর্তৃত্বের সহিংস লড়াই বন্ধ এবং নিজ নিজ দল ও অঙ্গসংগঠনকে নিয়ন্ত্রণের রাজনৈতিক দায় ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামী এড়িয়ে যেতে পারে না।
তিনি আরও বলেন, শুধু তদন্ত কমিটি গঠন বা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের মধ্যে দায়িত্ব সীমাবদ্ধ না রেখে সহিংসতার প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে। অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দলীয় সিদ্ধান্ত ও আচরণে গণতান্ত্রিক চর্চা এবং জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে রোববার রাতে হামলার ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় টিআইবির বিবৃতির পর জামায়াতের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হলো।

প্রথম দর্পণ,ডেস্ক