মিজানুর রহমানের এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে প্রশংসা ও সাড়া ফেলেছে। নিজের শ্রমে উপার্জিত অর্থ এবং সময় মানুষের সেবায় উৎসর্গ করে তিনি মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি সপ্তাহে শুক্রবার এলাকার অসুস্থ ও অসহায় রোগীদের বিনা মূল্যে অটোরিকশায় হাসপাতালে পৌঁছে দেওয়া এবং চিকিৎসা শেষে বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন মিজান। পাশাপাশি সোমবারের উপার্জিত অর্থ নিজের জন্য ব্যয় না করে দরিদ্র ও বিপন্ন মানুষের সহায়তায় দান করেন।
শুক্রবার জুমার নামাজের পর নিজের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বালাপাড়া ইউনিয়নের শাহবাজ গ্রামের অসহায় এনামুল হক এবং নিজপাড়া গ্রামের হাসপাতালে ভর্তি সালেহা বেগমের পাশে দাঁড়ান তিনি। তাঁদের চিকিৎসার জন্য নগদ অর্থের পাশাপাশি ১০ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি চিনি, ১ কেজি লবণ, ২ কেজি ডাল, সাবানসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করেন।
স্থানীয় বাসিন্দা জহির রায়হান বলেন, মিজানুর রহমানের মানবিক কর্মকাণ্ড সমাজের বিত্তবান ও সাধারণ মানুষকে অসহায়দের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে। মানুষের কল্যাণে কাজ করতে বিপুল অর্থ-সম্পদের প্রয়োজন নেই; প্রয়োজন একটি সুন্দর মন ও মানবিক ইচ্ছাশক্তি।
মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং অসহায় মানুষের দুঃখ-কষ্ট লাঘব করাই তাঁর এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানা গেছে। নিজের সামর্থ্যের মধ্যে থেকে প্রতি সপ্তাহে প্রতিশ্রুতি রক্ষা করে মানবসেবার এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মিজানুর রহমান।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স