হিমালয় থেকে আসা বিরল প্রজাতির শকুন উদ্ধার কুড়িগ্রামে

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৩ রাত
  • ৬৩০৬ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
কুড়িগ্রামের রাজারহাটে লোকালয় থেকে হিমালয়ান গৃধিনী প্রজাতির একটি বিরল শকুন উদ্ধার করেছে বন বিভাগ। দীর্ঘ পথ পাড়ি দিয়ে হিমালয় অঞ্চল থেকে আসা শকুনটি দুর্বল হয়ে লোকালয়ে আশ্রয় নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসা ও পরিচর্যার জন্য এটিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সিংড়া ফরেস্টের উদ্ধারকেন্দ্রে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সুস্থ হওয়ার পর শকুনটিকে আবারও প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজারহাট সদর ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে হরিশ্বর তালুক এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাজারহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শকুনটিকে উদ্ধার করেন।

মো. আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে শকুনটিকে হিমালয়ান গৃধিনী (Himalayan Griffon Vulture) হিসেবে শনাক্ত করা হয়েছে। শীত মৌসুমে হিমালয় অঞ্চল থেকে বিভিন্ন প্রজাতির কিছু শকুন বাংলাদেশে আসে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে কোনো কোনো শকুন দুর্বল বা ক্লান্ত হয়ে লোকালয়ে আশ্রয় নেয়। উদ্ধার করা শকুনটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তা সাদিকুর রহমান জানান, শকুনটিকে কুড়িগ্রাম বন বিভাগে নেওয়ার পর প্রাথমিকভাবে শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। পরে চিকিৎসা, পরিচর্যা ও সংরক্ষণমূলক ব্যবস্থার জন্য বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এটিকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আগামী রোববার (৮ নভেম্বর) শকুনটিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সিংড়া ফরেস্টের উদ্ধারকেন্দ্রে পাঠানো হবে। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করে উপযুক্ত পরিবেশে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হবে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, শীত মৌসুমে হিমালয় ও আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে পরিযায়ী শকুন বাংলাদেশে আসে। দীর্ঘ পথ উড়ে আসার সময় ক্লান্তি ও শারীরিক দুর্বলতার কারণে কোনো কোনো শকুন লোকালয়ে আশ্রয় নেয়। সিংড়া ফরেস্টে উদ্ধার করা শকুনের চিকিৎসা, সংরক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা রয়েছে। চিকিৎসা শেষে শকুনগুলোকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।

এদিকে, বন্যপ্রাণী ও পরিযায়ী পাখির সুরক্ষায় স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে বন বিভাগ। অসুস্থ, আহত বা বিপদগ্রস্ত কোনো বন্যপ্রাণী দেখলে সেটিকে ধরার বা বিরক্ত করার চেষ্টা না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার অনুরোধ করা হয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad