জীবনযাত্রার ব্যয় ও শিল্পের আর্থিক সক্ষমতা যাচাইয়ে জরিপের সুপারিশ; মজুরি নির্ধারণে স্থায়ী কমিশন গঠনের প্রস্তাবতৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে প্রয়োজনীয় ও নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি রয়েছে জাতীয় মজুরি বোর্ডের কাছে। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, পারিবারিক চাহিদা এবং শিল্পের মজুরি পরিশোধের সক্ষমতা সম্পর্কে পর্যাপ্ত তথ্য-উপাত্ত না থাকায় প্রক্রিয়াটি অনেকটাই শ্রমিক ও মালিকপক্ষের পালটাপালটি দাবি এবং দর-কষাকষিনির্ভর হয়ে পড়েছে। এতে তথ্য-প্রমাণের ভিত্তিতে যৌক্তিক মজুরি নির্ধারণ বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।বুধবার (১৮ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ডিটারমিনিং দ্য মিনিমাম ওয়েজ ইন দ্য আরএমজি সেক্টর’ শীর্ষক বিশ্লেষণ তুলে ধরে এসব পর্যবেক্ষণ জানায় সংস্থাটি। এতে দেশের তৈরি পোশাকশিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণের বিদ্যমান পদ্ধতির সীমাবদ্ধতা চিহ্নিত করার পাশাপাশি কাঠামোগত সংস্কারের জন্য বেশ কিছু সুপারিশ করা হয়।দর-কষাকষিতেই সীমাবদ্ধ মজুরি নির্ধারণসিপিডির বিশ্লেষণে বলা হয়, বর্তমান মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় প্রথমে শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবি জানান। পরে মালিকপক্ষ পালটা প্রস্তাব দেয়। দুই পক্ষের মধ্যে মতবিরোধ থেকে শ্রম অসন্তোষ বাড়ে। একপর্যায়ে জাতীয় মজুরি বোর্ড উভয় পক্ষের দাবির মাঝামাঝি কোনো একটি অঙ্ক নির্ধারণ করে।এ পদ্ধতিতে শ্রমিক ও মালিক—কোনো পক্ষই পুরোপুরি সন্তুষ্ট হতে পারে না। ফলে পরবর্তী সময়ে মজুরি পুনর্নির্ধারণের সময় একই ধরনের বিরোধ ও অসন্তোষের পুনরাবৃত্তি ঘটে।প্রতিষ্ঠানটির মতে, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, পারিবারিক পরিস্থিতি এবং পোশাকশিল্পের আর্থিক সক্ষমতা নিয়ে মজুরি বোর্ডের কাছে স্বাধীন, হালনাগাদ ও পূর্ণাঙ্গ মূল্যায়ন নেই। ফলে মজুরি নির্ধারণে বাস্তব অর্থনৈতিক পরিস্থিতির প্রতিফলন যথাযথভাবে ঘটছে না।৩২ হাজার টাকা মজুরির দাবি শ্রমিকদেরবর্তমান মজুরি আলোচনায় শ্রমিকেরা প্রবেশপর্যায়ের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি জানিয়েছেন। তবে মালিকপক্ষ এখনো তাদের প্রস্তাব দেয়নি। এ বিষয়ে মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপনের জন্য নির্ধারিত সভা পিছিয়ে আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এদিকে মজুরি নিয়ে চলমান বিরোধের মধ্যে বিক্ষোভ, সংঘর্ষ, গ্রেফতার এবং কারখানা বন্ধের মতো ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।শ্রম আইনের ১১টি মানদণ্ডেও নেই পরিমাপের নির্দেশনাবাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৪১ ধারায় ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য ১১টি বিষয় উল্লেখ রয়েছে। তবে এসব বিষয় কীভাবে পরিমাপ করা হবে এবং কোন বিষয়কে কতটা গুরুত্ব দেওয়া হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা নেই।সিপিডির পর্যবেক্ষণ অনুযায়ী, এ কারণে মজুরি নির্ধারণের ক্ষেত্রে সর্বজনস্বীকৃত কোনো সূচক গড়ে ওঠেনি। ফলে তথ্যভিত্তিক মূল্যায়নের পরিবর্তে পক্ষগুলোর দাবি ও আলোচনার ওপর নির্ভর করতে হচ্ছে মজুরি বোর্ডকে।জীবনযাত্রার ব্যয় ও শিল্পের সক্ষমতা যাচাইয়ের পরামর্শবিদ্যমান সংকট কাটাতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় এবং পোশাকশিল্পের ব্যবসায়িক সক্ষমতা নিয়ে বড় পরিসরে জরিপ পরিচালনার সুপারিশ করেছে সিপিডি।এ জরিপে খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দাম, শিল্পাঞ্চলের বাড়িভাড়া, মৌলিক চাহিদা পূরণের ব্যয়, পরিবারের সদস্যসংখ্যা এবং উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে।পাশাপাশি পোশাকশিল্পের শ্রম উৎপাদনশীলতা, রপ্তানি মূল্য, ক্রয়াদেশের অবস্থা, উৎপাদন ব্যয়, কারখানার মুনাফা, কর্মসংস্থানের প্রবণতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতাও মূল্যায়ন করা প্রয়োজন।সিপিডির প্রস্তাব অনুযায়ী, শ্রমিকদের মৌলিক চাহিদার ভিত্তিতে ন্যূনতম মজুরির একটি সর্বনিম্ন সীমা এবং শিল্পের আর্থিক সক্ষমতা বিবেচনায় সর্বোচ্চ সীমা নির্ধারণ করা যেতে পারে। এতে দুই পক্ষের দর-কষাকষি একটি বাস্তবসম্মত সীমার মধ্যে থাকবে এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে মজুরি নির্ধারণ সহজ হবে।কম্বোডিয়ার মজুরি নির্ধারণ পদ্ধতির উদাহরণমজুরি নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কম্বোডিয়ার ব্যবস্থার পার্থক্যও তুলে ধরেছে সিপিডি।প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, কম্বোডিয়ায় নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করে প্রতিবছর ন্যূনতম মজুরি পর্যালোচনা করা হয়। এ ক্ষেত্রে সরকারি তথ্যভান্ডার ও আইনে নির্ধারিত সাতটি মানদণ্ড ব্যবহার করা হয়। দেশটির ৫১ সদস্যের ন্যাশনাল কাউন্সিল অন মিনিমাম ওয়েজে সরকার, শ্রমিক ও মালিকপক্ষের সমান প্রতিনিধিত্ব রয়েছে।অন্যদিকে বাংলাদেশে সাধারণত প্রতি তিন বছর অন্তর মজুরি পর্যালোচনা করা হয়। এ প্রক্রিয়ায় সহায়ক কোনো স্বতন্ত্র জরিপ না থাকায় মজুরি বোর্ডকে মূলত শ্রমিক ও মালিকপক্ষের দাবির মধ্যে সমঝোতা তৈরির ওপর নির্ভর করতে হয়।স্থায়ী মজুরি কমিশন গঠনের সুপারিশবিদ্যমান ব্যবস্থার সংস্কারে মজুরি পুনর্নির্ধারণের নির্ধারিত সময়ের অন্তত ছয় মাস আগে বোর্ড গঠনের প্রস্তাব দিয়েছে সিপিডি। পাশাপাশি দুই দফা মজুরি পুনর্নির্ধারণের মধ্যবর্তী সময়ে প্রতিবছর পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি স্থায়ী মজুরি কমিশন প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে।এ ছাড়া শ্রম আইনের ১১টি বিষয়ের প্রতিটির জন্য পরিমাপযোগ্য সূচক তৈরি, মজুরি প্রস্তাবের পেছনে ব্যবহৃত তথ্য ও পদ্ধতি জনসমক্ষে প্রকাশ এবং মজুরি আলোচনায় আন্তর্জাতিক ক্রেতাদের সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।একই সঙ্গে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত মজুরি নিরীক্ষা চালুর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।সিপিডির মতে, শুধু মজুরি ঘোষণা করলেই শ্রমিকদের জীবনমানের উন্নয়ন নিশ্চিত হবে না। নির্ধারিত মজুরি শ্রমিকদের হাতে যথাযথভাবে পৌঁছানো এবং তা বাস্তবায়ন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। অন্যথায় নতুন মজুরি কাঠামো থেকে শ্রমিকেরা প্রত্যাশিত সুফল পাবেন না।