স্ট্রোককে অনেকে বয়স্কদের রোগ মনে করলেও অল্প বয়সেও এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। বিশ্বব্যাপী ১৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে। হঠাৎ শরীরের একপাশ অবশ হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, দৃষ্টিশক্তিতে সমস্যা কিংবা ভারসাম্য হারানোর মতো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের ‘গ্লোবাল স্ট্রোক ইনফরমেশন রিপোর্ট ২০২৫’ অনুযায়ী, বিশ্বে নতুন করে স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের প্রায় ১৫ শতাংশের বয়স ১৫ থেকে ৪৯ বছরের মধ্যে।বিশেষজ্ঞদের মতে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, স্থূলতা, ধূমপান, হৃদরোগ ও অনিয়ন্ত্রিত জীবনযাপন অল্প বয়সীদের স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। এ ছাড়া জিনগত সমস্যা, রক্ত জমাট বাঁধার জটিলতা এবং নারীদের ক্ষেত্রে গর্ভাবস্থা ও প্রসব-পরবর্তী সময়েও এ ঝুঁকি বাড়তে পারে।যেসব লক্ষণ অবহেলা করা যাবে নাস্ট্রোকের প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে শরীরের একপাশে হঠাৎ দুর্বলতা বা অসাড়তা, কথা বলতে অসুবিধা, কথা জড়িয়ে যাওয়া, দৃষ্টিশক্তিতে সমস্যা, হাঁটাচলায় অসুবিধা এবং শরীরের ভারসাম্য হারানো।এসব লক্ষণ কয়েক মিনিটের মধ্যে সেরে গেলেও অবহেলা করা উচিত নয়। দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি। কারণ চিকিৎসায় দেরি হলে মস্তিষ্কের কোষের ক্ষতি বাড়তে পারে।স্ট্রোক শনাক্তে ‘বি-ফাস্ট’ পদ্ধতিস্ট্রোকের লক্ষণ দ্রুত শনাক্ত করতে ‘বি-ফাস্ট’ পদ্ধতি অনুসরণ করা যায়। এতে ছয়টি বিষয় খেয়াল রাখতে বলা হয়েছে।বি (ব্যালান্স): হঠাৎ শরীরের ভারসাম্য হারানো।ই (আই): এক বা দুই চোখে হঠাৎ দৃষ্টিশক্তি কমে যাওয়া।এফ (ফেস): মুখ একদিকে বেঁকে যাওয়া।এ (আর্ম): শরীরের একপাশের হাত বা পায়ে দুর্বলতা কিংবা অসাড়তা।এস (স্পিচ): কথা জড়িয়ে যাওয়া বা কথা বুঝতে অসুবিধা হওয়া।টি (টাইম): এসব লক্ষণের কোনোটি দেখা দিলে সময় নষ্ট না করে জরুরি চিকিৎসা নেওয়া।প্রথম সাড়ে চার ঘণ্টা গুরুত্বপূর্ণচিকিৎসকদের মতে, স্ট্রোকের লক্ষণ দেখা দেওয়ার পর প্রথম সাড়ে চার ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ের মধ্যে উপযুক্ত রোগীকে রক্ত জমাট বাঁধা দূর করার ওষুধ দেওয়া যেতে পারে। এতে মস্তিষ্কের ক্ষতি কমানো এবং সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ানো সম্ভব।তবে সাড়ে চার ঘণ্টা পেরিয়ে গেলেও চিকিৎসা নিতে দেরি করা যাবে না। স্ট্রোকের ধরন, উপসর্গ শুরুর সময় ও পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হয়।কেন বাড়ছে অল্প বয়সীদের ঝুঁকিমুম্বাইয়ের যশলোক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের নিউরোলজিস্ট ডা. বিনয় ভান্ডারীর মতে, ১৯৯০ থেকে ২০২১ সালের মধ্যে বিশ্বব্যাপী ১৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে নতুন করে স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঘটনা প্রায় ৩৬ শতাংশ বেড়েছে।উচ্চ রক্তচাপ এ ক্ষেত্রে অন্যতম নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকির কারণ। দীর্ঘদিন অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ রক্তনালির ক্ষতি করে। এতে মস্তিষ্কের রক্তনালি ফেটে যাওয়া বা রক্ত সরবরাহে বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে।ডায়াবেটিস ও স্থূলতাও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। বিশেষ করে পেটে অতিরিক্ত চর্বি জমলে ইনসুলিন প্রতিরোধ, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের সমস্যা দেখা দিতে পারে। এসব সমস্যা অল্প বয়স থেকেই শুরু হলেও অনেক সময় দীর্ঘদিন শনাক্ত হয় না।এ ছাড়া সিকেল সেল ডিজিজ ও মোয়া মোয়ার মতো বিরল জিনগত রোগও স্ট্রোকের কারণ হতে পারে। ধূমপান রক্তনালির ক্ষতি করে এবং রক্ত জমাট বাঁধার আশঙ্কা বাড়ায়। অতিরিক্ত অ্যালকোহল এবং কোকেন, মেথামফেটামিনের মতো মাদকও এ ঝুঁকি বাড়াতে পারে।ঝুঁকি কমাতে করণীয়বিশেষজ্ঞদের মতে, স্ট্রোকের ঝুঁকি কমাতে নিয়মিত রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করা প্রয়োজন। পাশাপাশি ধূমপান পরিহার, সুষম খাবার গ্রহণ, নিয়মিত ব্যায়াম, শরীরের ওজন নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে।দীর্ঘস্থায়ী মানসিক চাপ ও অলস জীবনযাপনও স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। তাই দৈনন্দিন জীবনযাপনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার পাশাপাশি কোনো শারীরিক সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।তথ্যসূত্র: ২২ নভেম্বর ২০২৬; ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের গ্লোবাল স্ট্রোক ইনফরমেশন রিপোর্ট ২০২৫; নিউরোলজিস্ট ডা. বিনয় ভান্ডারীর বক্তব্য।