ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টি ও দমকা বাতাসে নওগাঁর বদলগাছীতে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে পাকা ও আধাপাকা ধান নুয়ে পড়েছে। কোথাও কোথাও ফসলি জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চলতি মৌসুমে আমন উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, টানা বৃষ্টিতে এখন পর্যন্ত প্রায় ২৮৫ হেক্টর জমির আমন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আগাম আলুসহ অন্যান্য রবিশস্যও কিছুটা ক্ষতির মুখে পড়েছে।জমিতে পানি, পচনের আশঙ্কাসরেজমিনে উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন ফসলি মাঠ ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে নিচু জমিগুলোতে পানি জমে আছে। কোথাও ধানগাছ পানির নিচে তলিয়ে গেছে, আবার কোথাও হেলে পড়া ধানের শিষ ডুবে রয়েছে পানিতে। এতে ধানে অঙ্কুরোদ্গম ও পচন ধরার আশঙ্কা দেখা দিয়েছে।সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যেসব কৃষক ধান কেটে মাঠে শুকাতে দিয়েছিলেন। বৃষ্টির পানিতে ভিজে কাটা ধান নষ্ট হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।উপজেলার বেগুনজোয়ার গ্রামের কৃষক দেলোয়ার হোসেন বলেন, টানা বৃষ্টিতে এলাকার বিস্তীর্ণ ফসলি জমিতে পানি জমেছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে ফসলের অপূরণীয় ক্ষতি হবে।দেউলিয়া ও কাষ্টডোব গ্রামের কয়েকজন কৃষক জানান, তিন দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হালকা বাতাস বইছে। অনেকেই ধান কেটে মাঠে শুকাতে দিয়েছিলেন। বৃষ্টির পানিতে সেই ধান ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে রোদ না উঠলে কিংবা ধান ঘরে তুলতে না পারলে বড় ধরনের লোকসান গুনতে হবে।আবাদ ১৪ হাজার ৬৪০ হেক্টরউপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বদলগাছীতে ১৪ হাজার ৬৪০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ২৮৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এবার উপজেলায় রোপা আমনের ফলন বেশ ভালো হয়েছিল। তবে শেষ সময়ে বৃষ্টির কারণে কৃষকরা কিছুটা বিড়ম্বনায় পড়েছেন। ধান নুয়ে পড়া ও জমিতে পানি জমে থাকায় ধান কাটা ও মাড়াইয়ে বাড়তি শ্রম ও খরচ গুনতে হবে।তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতি কমাতে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের পানি নিষ্কাশনসহ প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।সহায়তার দাবি কৃষকদেরফসলি জমির জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের তালিকা করে সরকারি প্রণোদনা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।কৃষকদের আশঙ্কা, আবহাওয়ার দ্রুত উন্নতি না হলে এবং জমি থেকে পানি নিষ্কাশন করা না গেলে চলতি মৌসুমে আমন উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়তে পারে।