মুম্বাইয়ের ২৬/১১ সন্ত্রাসী হামলার ১৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’-এ ঘৃণার বদলে ভালোবাসা, সহিংসতার বদলে সংলাপ এবং ভয়ের বদলে বিশ্বাস বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। তাঁর ভাষায়, শান্তি শুরু হয় মানুষের নিজের ভেতর থেকে; এটি প্রতিদিনের সিদ্ধান্ত, দায়িত্ব ও প্রতিশ্রুতি।গত শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় বসে ‘গ্লোবাল পিস অনার্স’-এর তৃতীয় আসর। ২৬/১১ হামলায় নিহত ও সাহসী নিরাপত্তাকর্মীদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে পেহেলগাম হামলা এবং সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণে নিহতদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়।মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের স্ত্রী অমৃতা ফড়নবিসের নেতৃত্বাধীন ‘দিব্যজ ফাউন্ডেশন’ অনুষ্ঠানটির আয়োজন করে। এতে বলিউড তারকা, ক্রিকেটার ও আধ্যাত্মিক ব্যক্তিত্বরা অংশ নেন।‘সব বিষয়ে একমত হওয়া জরুরি নয়’অনুষ্ঠানে ছোট ছেলে আবরামের সঙ্গে এক কথোপকথনের স্মৃতিচারণ করেন শাহরুখ। তিনি বলেন, একদিন তাঁর ছেলে জানতে চেয়েছিল, কীভাবে ঘৃণাকে ভালোবাসায় বদলানো যায়। উত্তরে তিনি বলেছিলেন, “আমরা সবাই যদি সহিংসতার বদলে সংলাপ, ভয়ের বদলে বিশ্বাস বেছে নিই এবং মিলেমিশে থাকি, তবে ভালোবাসাই সব সময় জিতবে।”পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতার গুরুত্ব তুলে ধরে শাহরুখ বলেন, সব বিষয়ে সবার একমত হওয়া জরুরি নয়; তবে প্রত্যেক মানুষের গল্প বোঝার চেষ্টা করতে হবে। নিজের আচরণে যেন অন্য কেউ কষ্ট না পায়, সে বিষয়েও সচেতন থাকার আহ্বান জানান তিনি।শাহরুখের ভাষায়, “শান্তি শুরু হয় খুব ছোট্ট একটা জায়গা থেকে—আমাদের নিজেদের ভেতরে, আমাদের হৃদয়ে। শান্তি একটি সিদ্ধান্ত, একটি দায়িত্ব এবং এমন এক প্রতিশ্রুতি, যা আমাদের প্রতিদিন পূরণ করতে হবে।”অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টায় শুরু হলেও কিছুটা দেরিতে পৌঁছানোর জন্য অতিথিদের কাছে ক্ষমা চান অভিনেতা।নিহতদের স্মরণ, দেবিকার হাতে সম্মাননাবক্তব্যে ২৬/১১ হামলা, পেহেলগাম হামলা ও বিভিন্ন সন্ত্রাসী ঘটনায় নিহত নিরীহ মানুষের প্রতি শ্রদ্ধা জানান শাহরুখ। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে প্রাণ উৎসর্গ করা নিরাপত্তাকর্মীদের প্রতিও সম্মান জানান তিনি।সৈনিকদের উদ্দেশে কয়েকটি লাইন আবৃত্তি করেন অভিনেতা। সেখানে দেশ রক্ষার দায়িত্বকে ১৪০ কোটি মানুষের আশীর্বাদ অর্জনের সঙ্গে তুলনা করেন তিনি।অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল ২৬/১১ হামলার সর্বকনিষ্ঠ জীবিত প্রত্যক্ষদর্শী এবং হামলাকারী আজমল কাসাবের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া দেবিকা নাতেসান রোটোয়ানের হাতে শাহরুখের ‘গ্লোবাল পিস অনার’ তুলে দেওয়া। মঞ্চে দুজনের আন্তরিক মুহূর্ত উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে।অনুষ্ঠানে শাহরুখ ছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, অভিনেতা জ্যাকি শ্রফ, সুনীল শেঠি ও রণবীর সিং। সঞ্চালনা করেন অভিনেতা বোমান ইরানি ও বিক্রান্ত ম্যাসি। ভিডিও বার্তায় শ্রদ্ধা জানান অমিতাভ বচ্চন।