১৯ আসনের ‘সিই-২৫এ’ পাইলটসহ উড়েছে; স্বল্প দূরত্বের আঞ্চলিক যাত্রায় জীবাশ্ম জ্বালানির বিকল্প তৈরির উদ্যোগজ্বালানির বদলে ব্যাটারির বিদ্যুতে চলা ১৯ আসনের যাত্রীবাহী উড়োজাহাজ ‘সিই-২৫এ’ পাইলটসহ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে চীন। ১৪ নভেম্বর দেশটির শানডং প্রদেশের বিনঝৌ শহরে উড়োজাহাজটি আকাশে ওড়ে। স্বল্প দূরত্বের বিমান চলাচলে জীবাশ্ম জ্বালানির বিকল্প তৈরির প্রচেষ্টায় এটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।চীনের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান কোম্যাক (COMAC) তৈরি করেছে সিই-২৫এ। প্রথম পাইলটসহ পরীক্ষামূলক উড্ডয়নে ছিলেন দুজন পাইলট ও একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার। পুরো পরীক্ষামূলক কার্যক্রম চলে ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড। এর মধ্যে উড়োজাহাজটি ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে ছিল এবং পাড়ি দেয় ৬০ দশমিক ৪ কিলোমিটার।কোম্যাকের ভাষ্য, পরীক্ষার সময় উড়োজাহাজটির সব ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করেছে এবং পারফরম্যান্সের সূচকগুলো প্রত্যাশা অনুযায়ী ছিল। চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও পরীক্ষাটির তথ্য প্রকাশ করেছে।স্বল্প দূরত্বের রুটের জন্য নকশাসিই-২৫এ মূলত এক শহর থেকে অন্য শহরে স্বল্প দূরত্বে যাত্রী পরিবহনের জন্য তৈরি। উড়োজাহাজটির সর্বোচ্চ উড্ডয়নকালীন ওজন ১০ মেট্রিক টন এবং এতে সর্বোচ্চ ১৯ জন যাত্রী বহনের ব্যবস্থা রয়েছে। নির্মাতার প্রকাশিত তথ্য অনুযায়ী, এর সর্বোচ্চ ক্রুজিং গতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার, উড্ডয়নের উচ্চতা প্রায় ২ হাজার ৪০০ মিটার এবং একবার চার্জে সম্ভাব্য উড্ডয়ন-পরিসর ৪০০ কিলোমিটার।বড় আন্তর্জাতিক রুটে চলাচলকারী যাত্রীবাহী জেটের বিকল্প হিসেবে নয়, বরং আঞ্চলিক যোগাযোগের জন্যই উড়োজাহাজটি পরিকল্পনা করা হয়েছে। এর ডানায় সমন্বিত বৈদ্যুতিক ফ্যানভিত্তিক চালনা ব্যবস্থা রয়েছে, যা ব্যাটারির বিদ্যুৎকে উড্ডয়নের শক্তিতে রূপান্তর করে।পরীক্ষার আগে ১৯টি চালকবিহীন উড্ডয়নপ্রকল্পটিতে কোম্যাকের সঙ্গে কাজ করেছে চীনের ব্যাটারিনির্মাতা প্রতিষ্ঠান কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড (সিএটিএল), সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয় এবং আরও কয়েকটি প্রতিষ্ঠান। উড়োজাহাজটির নকশা, বৈদ্যুতিক চালনা ব্যবস্থা, ব্যাটারি প্রযুক্তি ও পরীক্ষামূলক উন্নয়নে এসব প্রতিষ্ঠানের দক্ষতা যুক্ত হয়েছে।পাইলটসহ উড্ডয়নের আগে সিই-২৫এ চালকবিহীন স্বয়ংক্রিয় উড্ডয়ন পরীক্ষাও সম্পন্ন করে। চলতি বছরের ২ ফেব্রুয়ারি প্রথমবার চালকবিহীন অবস্থায় আকাশে ওড়ে এটি। এরপর বিভিন্ন পর্যায়ে মোট ১৯টি চালকবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন হয়।বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের অনুমোদন পেতে নির্মাতা প্রতিষ্ঠান সনদের আবেদন করেছে, যা চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গ্রহণ করেছে। তবে আবেদন গ্রহণের অর্থ বাণিজ্যিক উড্ডয়নের অনুমোদন নয়। নিরাপত্তা, কাঠামোগত সক্ষমতা, ব্যাটারি ও বৈদ্যুতিক ব্যবস্থার নির্ভরযোগ্যতা এবং বিভিন্ন পরিস্থিতিতে উড্ডয়নযোগ্যতা যাচাইয়ের পরই চূড়ান্ত সনদ পাওয়া সম্ভব। ফলে এখনই সাধারণ যাত্রীদের এই উড়োজাহাজে ভ্রমণের সুযোগ তৈরি হয়নি।পরিবেশগত সুফল, সঙ্গে সীমাবদ্ধতাবৈদ্যুতিক উড়োজাহাজ নিয়ে আগ্রহের বড় কারণ পরিবেশদূষণ কমানোর সম্ভাবনা। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের প্রায় ২ দশমিক ৪ শতাংশের জন্য দায়ী বিমান চলাচল। সম্পূর্ণ ব্যাটারিচালিত উড়োজাহাজ আকাশে চলার সময় সরাসরি কার্বন ডাই-অক্সাইড নির্গমন করে না। বৈদ্যুতিক মোটরে যান্ত্রিক অংশ তুলনামূলক কম থাকায় রক্ষণাবেক্ষণ ব্যয় ও শব্দদূষণ কমারও সম্ভাবনা রয়েছে।তবে পরিবেশগত সুফল নির্ভর করবে বিদ্যুৎ উৎপাদনের উৎসের ওপর। বিদ্যুৎ যদি কয়লা বা জীবাশ্ম জ্বালানিনির্ভর কেন্দ্র থেকে আসে, তাহলে পুরো ব্যবস্থার কার্বন নিঃসরণ শূন্য হবে না।বৈদ্যুতিক উড়োজাহাজের বড় সীমাবদ্ধতা ব্যাটারি। উড়োজাহাজকে মাটি থেকে ওপরে তুলতে এবং দীর্ঘ সময় আকাশে ধরে রাখতে বিপুল শক্তি প্রয়োজন। অথচ প্রচলিত জেট জ্বালানির প্রতি কেজিতে সঞ্চিত শক্তি আধুনিক লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় অনেক বেশি। কেয়ার্নি এনার্জি ট্রানজিশন ইনস্টিটিউটের ২০২৫ সালের এক বিশ্লেষণে জেট জ্বালানির শক্তিঘনত্ব প্রতি কেজিতে প্রায় ১২ হাজার ওয়াট-ঘণ্টি এবং প্রচলিত ব্যাটারির ক্ষেত্রে প্রায় ২৫০ থেকে ৩০০ ওয়াট-ঘণ্টি বলে উল্লেখ করা হয়েছে।একই ওজনে জেট জ্বালানি বেশি শক্তি সরবরাহ করতে পারে। আবার ব্যাটারির ওজন উড্ডয়নের সময় অপরিবর্তিত থাকে, কিন্তু জ্বালানি পুড়ে যাওয়ায় প্রচলিত বিমানের ওজন ধীরে ধীরে কমে। এ কারণে বড় ও দীর্ঘপাল্লার উড়োজাহাজে ব্যাটারির ব্যবহার কঠিন। অতিরিক্ত তাপ, ব্যাটারিতে অগ্নিকাণ্ডের ঝুঁকি, চার্জিং অবকাঠামো এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ।সিই-২৫এ এই সীমাবদ্ধতার মধ্যেই স্বল্প দূরত্বের আঞ্চলিক বিমান চলাচলকে লক্ষ্য করেছে। তবে নির্মাতার ঘোষিত ৪০০ কিলোমিটার পরিসর পরীক্ষামূলক উড্ডয়নে প্রমাণিত হয়নি। প্রথম পাইলটসহ পরীক্ষায় উড়োজাহাজটি ৬০ দশমিক ৪ কিলোমিটার উড়েছে। সর্বোচ্চ পরিসর, পূর্ণ যাত্রী ও মালামাল বহন, আবহাওয়ার প্রভাব, ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা এবং জরুরি পরিস্থিতিতে নিরাপত্তা যাচাইয়ে আরও পরীক্ষা প্রয়োজন।