নিরাপত্তার কারণে কারাগার থেকে আদালতে আনা হয়নি জ্যোতিকেসাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাঁর স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। মামলার এক আসামি ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতিকে আদালতে হাজির করা না হওয়ায় শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর।সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে এ তারিখ ধার্য করেন।আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম জানান, জ্যোতি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। নিরাপত্তার কারণে তাঁকে আদালতে হাজির করা হয়নি। এ কারণে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়ে আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির দিন ধার্য করেন।মামলার অন্য আসামিরা হলেন আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান এবং মেয়ে শাফিয়া তাসনিম খান।দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২৪ সালের ৯ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কামালের বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে গত বছরের ১৮ ডিসেম্বর কামালসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি।মামলার অভিযোগে বলা হয়েছে, সরকারি কর্মচারী হিসেবে অসাধু উপায়, অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার সম্পদ অর্জন করেছেন কামাল, যা তাঁর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ।অভিযোগে আরও বলা হয়, তিনি নয়টি ব্যাংক হিসাবে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনদেন করেছেন। দুর্নীতি ও ঘুষের মাধ্যমে পাওয়া অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করতে এসব অর্থ রূপান্তর, স্থানান্তর বা হস্তান্তর করা হয়েছে বলে অভিযোগ করেছে দুদক।