ঘন কুয়াশায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল পারাপারঘন কুয়াশার কারণে বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ডিউটি অফিসার বশির আহমেদ।বিআইডব্লিউটিসি সূত্র জানায়, রোববার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে পদ্মা নদী এলাকায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশায় ফেরিচালকদের দৃষ্টিসীমা কমে যাওয়ায় নৌপথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতি অস্পষ্ট হয়ে পড়ে। এতে নৌযান চলাচলে নিরাপত্তাঝুঁকি তৈরি হয়।সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। পরে কুয়াশা কমে গেলে সোমবার ভোরে ফেরি চলাচল স্বাভাবিক হয়।ডিউটি অফিসার বশির আহমেদ জানান, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কেটে যাওয়ার পর পুনরায় পারাপার শুরু হয়েছে।তথ্যসূত্র: আজকের পত্রিকা, রাজবাড়ী প্রতিনিধি, ২৩ নভেম্বর ২০২৬।যশোরে কয়েকটি বাড়ি ও রেস্টুরেন্ট লক্ষ্য করে ককটেল নিক্ষেপবিস্ফোরণে জানালার কাচ ভাঙল, হতাহতের খবর নেইযশোর ব্যুরোযশোর শহরের পোস্ট অফিসপাড়া ও পুরাতন কসবা এলাকায় কয়েকটি বাড়ি ও একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে একটি বাড়ির দ্বিতীয় তলার জানালার কাচ ভেঙে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।রোববার রাত ১২টার দিকে মুন্সি মিনহাজ উদ্দিন সড়কে মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দ্বিতীয় তলার জানালা এবং সাবেক কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমনের বাড়ির সামনে তাঁর ভাইয়ের মালিকানাধীন লাবিস্তা রেস্টুরেন্ট লক্ষ্য করে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে।একই সময়ে শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকায় জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন চাকলাদারের ভাই সাত্তার চাকলাদার ও ফন্টু চাকলাদারের বাড়ি এবং ঘোষপাড়া এলাকায় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের বাড়ি লক্ষ্য করে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।আনোয়ার হোসেন বিপুলের ভাই অ্যাডভোকেট কামাল হাসান পলাশ জানান, তাঁদের বাড়ি লক্ষ্য করে নিক্ষেপ করা ককটেল পাশের বাড়ির দেয়ালে বিস্ফোরিত হয়।স্থানীয়দের ভাষ্য, একের পর এক বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনসহ গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।ওসি কবির হোসেন জানান, শ্যামলের বাড়ির জানালা ও পাশের রেস্টুরেন্টের সামনে ককটেল বিস্ফোরণের খবর পেয়েছেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাস্থলে থেকে বিষয়টি তদন্ত করছে। পুরাতন কসবা এলাকায় গিয়ে কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি।