রাজধানীর ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ঘটনার ভিডিও ও তথ্য প্রচারকে বিভ্রান্তিকর উল্লেখ করে জনসাধারণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।সম্প্রতি ‘ঢাকা ট্রিবিউন’-এর ফেসবুক পেজে ‘৩০০ ফিটে গাড়ি থামিয়ে ডাকাতি, ড্যাশক্যামে ধরা পড়ল ভয়ংকর মুহূর্ত!’ শিরোনামে ১ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটিতে ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়।তবে ডিএমপি জানিয়েছে, ভিডিওতে বর্ণিত ডাকাতির ঘটনার কোনো বাস্তবতা নেই। ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির এমন কোনো ঘটনা ঘটেনি।পুলিশের ভাষ্য, প্রকৃত ঘটনা যাচাই না করে চাঞ্চল্যকর শিরোনামে সংবাদ বা ভিডিও প্রচার জনমনে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এ ধরনের সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করা গণমাধ্যমের দায়িত্ব।ডিএমপি আরও জানায়, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়ে অসমর্থিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা সবার দায়িত্ব। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই না করে শেয়ার করা থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।সন্দেহজনক কোনো ঘটনা বা অপরাধের তথ্য পাওয়া গেলে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।তথ্যসূত্র: , ২৪ নভেম্বর ২০২৬; ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।