ফ্রান্সের রাজধানী প্যারিসে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় প্যারিসের একটি অভিজাত হলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ফ্রান্সের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, প্রতিরক্ষা উপদেষ্টা, সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ও প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা অতিথিদের স্বাগত জানান। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। স্বাধীনতার পক্ষে ফ্রান্সে জনমত গঠনে ফরাসি লেখক ও রাজনীতিবিদ আঁদ্রে মালরোর অবদানের কথাও স্মরণ করেন তিনি।২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে রাষ্ট্রদূত বলেন, ওই সময় সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।তিনি বলেন, ফোর্সেস গোল ২০৩০-এর আওতায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি শিক্ষা, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নেও বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সেলর (রাজনৈতিক) মাহফুজা সুলতানা, দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম, মিনিস্টার (বাণিজ্যিক) মিজানুর রহমান এবং দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিল।