আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ফাইনালে মাঠের লড়াইয়ে জিতেও আইনি জটিলতায় শিরোপা হারানোর মুখে পড়েছে সেনেগাল। প্রতিপক্ষ মরক্কোর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে সেনেগালের আপিলের রায় আজ মঙ্গলবার জানাতে পারে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)। রায় মরক্কোর পক্ষে গেলে আনুষ্ঠানিকভাবে তাদের চ্যাম্পিয়ন থাকার পথ আরও সুগম হবে।মরক্কোর ফুটবল ফেডারেশনের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, সিএএস আফ্রিকান ফুটবল কনফেডারেশনের আগের সিদ্ধান্ত বহাল রাখার পক্ষে রায় দিয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো আদালতের আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।গত ১৮ জানুয়ারি মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত আফকন ফাইনালে অতিরিক্ত সময়ে মরক্কোকে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। ম্যাচের একপর্যায়ে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়েরা মাঠ ছেড়ে চলে যান। পরে আবার মাঠে ফিরে খেলায় অংশ নেন তারা। শেষ পর্যন্ত পাপে গুয়েরের গোলে জয় নিশ্চিত করে সেনেগাল।তবে মাঠের সেই জয় নিয়ে বিতর্ক তৈরি হয়। সেনেগালের খেলোয়াড়দের মাঠ ছেড়ে চলে যাওয়াকে নিয়মবহির্ভূত দাবি করে আপত্তি জানায় মরক্কোর ফুটবল ফেডারেশন। তাদের অভিযোগ পর্যালোচনা করে মার্চের মাঝামাঝি সময়ে সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নেয় সিএএফ। একই সঙ্গে ম্যাচে সেনেগালকে ৩-০ গোলে পরাজিত ঘোষণা করে মরক্কোকে চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি দেয় সংস্থাটি।সিএএফের ওই সিদ্ধান্তের ভিত্তি ছিল আফকনের ৮২ নম্বর অনুচ্ছেদ। এই বিধান অনুযায়ী, রেফারির অনুমতি ছাড়া কোনো দল মাঠ ত্যাগ করলে কিংবা খেলা চালিয়ে যেতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট দলকে পরাজিত ঘোষণা করা যেতে পারে। এমনকি প্রতিযোগিতা থেকে বহিষ্কারের বিধানও রয়েছে।সিএএফের সিদ্ধান্ত মেনে নেয়নি সেনেগাল। তারা এর বিরুদ্ধে আইনি লড়াই শুরু করে এবং বিষয়টি গড়ায় ক্রীড়া আদালত সিএএসে। কয়েক মাস ধরে দুই পক্ষের বক্তব্য, যুক্তি ও পাল্টা যুক্তি পর্যালোচনা করে আদালত সিদ্ধান্তে পৌঁছেছে বলে মার্কার প্রতিবেদনে দাবি করা হয়েছে।মরক্কোর ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা রায় প্রকাশের আগেই এ-সংক্রান্ত খবর নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন। তবে তাদের দাবি, আইনি দিক থেকে মরক্কোর অবস্থান শক্তিশালী। অন্যদিকে সেনেগালের যুক্তি, রেফারির বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ জানাতেই তাদের খেলোয়াড়েরা সাময়িকভাবে মাঠ ছেড়েছিলেন।সব মিলিয়ে আফ্রিকান ফুটবলের অন্যতম আলোচিত এই আইনি লড়াইয়ের চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় দুই দেশের সমর্থকেরা। তবে সিএএসের আনুষ্ঠানিক রায় প্রকাশ না হওয়া পর্যন্ত সেনেগালের শিরোপা হারানো কিংবা মরক্কোর চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।