লাল গালিচা সংবর্ধনার সুযোগ নেই, ট্রাইব্যুনালের রায় কার্যকরে ছাড় দেওয়া হবে নাআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় কার্যকরের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির মাধ্যমেই ফিরতে হবে। তাঁকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই।মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তথ্য প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন, তা কার্যকর করা হবে। বাংলাদেশের আইনকে সবাইকে শ্রদ্ধা করতে হবে। একইভাবে প্রতিটি দেশের আইন সংশ্লিষ্ট দেশগুলোর শ্রদ্ধা করা উচিত।তিনি বলেন, ১ হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার দায়ে অভিযুক্ত কাউকে ফুলের পাপড়ি ছিটিয়ে কিংবা লাল গালিচা সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনার স্বপ্ন যারা দেখছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন।ময়মনসিংহের উন্নয়নে ৩ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্পময়মনসিংহ বিভাগের অবকাঠামোগত উন্নয়নে ৩ হাজার ৮০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নে বিভিন্ন প্রশাসনিক ও পরিকল্পনাগত ধাপ অতিক্রম করতে হয়। ইতোমধ্যে পরিকল্পনা দল প্রাথমিক ধাপ সম্পন্ন করেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিভাগের প্রতিটি উপজেলায় উন্নয়নের সুফল পৌঁছাবে।তিনি জানান, ময়মনসিংহের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামের সড়ক, সেতু এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নে সরকার পরিকল্পনা নিয়েছে। দীর্ঘদিন অবহেলিত এসব এলাকার উন্নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করা হবে। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়নের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ করতে চায় সরকার।সাংবাদিক কল্যাণে অনুদান বাড়ানোর উদ্যোগসাংবাদিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর্থিক অসচ্ছলতা, অসুস্থতা ও বিভিন্ন সংকটে থাকা সাংবাদিকদের সহায়তা দেওয়া হচ্ছে। এ খাতে অনুদানের পরিমাণ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের প্রায় শেষ পর্যায়ে রয়েছে।সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের জন্য সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন।ঢাকার যানজট কমাতে স্বয়ংক্রিয় ক্যামেরা স্থাপনঢাকার যানজট পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আগে রাজধানীতে যানবাহনের গড় গতি ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার থাকলেও বর্তমানে তা বেড়ে ১১ থেকে ১২ কিলোমিটারে পৌঁছেছে। যানজট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে স্বয়ংক্রিয় ক্যামেরা ও ট্রাফিক লাইট স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে এ ব্যবস্থা আরও সম্প্রসারণ করা হবে।তিনি অভিযোগ করেন, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি নিষিদ্ধ সংগঠন বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। আগুন সন্ত্রাসের রাজনীতি ফিরিয়ে আনার অপচেষ্টাও চলছে। এসব অপতৎপরতা প্রতিরোধে সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও গণতন্ত্র ও ভোটাধিকার সমুন্নত রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি হামিদুল হক মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য জাকির হোসেন বাবুল, লুৎফাহিল মাজেদ বাবু, আকতারুজ্জামান বাচ্চু ও কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, নেত্রকোনা সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি রফিক মুহাম্মদ, টাঙ্গাইল জেলা সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি শাখাওয়াত হোসেন বাদশাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব গোলাম কিবরিয়া।