দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৮৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া ৬৮ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ নভেম্বর সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন।বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১ হাজার ২৮৩ জন সন্দেহজনক রোগীর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫২৬ জন। এ ছাড়া চট্টগ্রামে ১৮৩, সিলেটে ১৬৭, বরিশালে ১৩৮, খুলনায় ১০৭, ময়মনসিংহে ৯০, রাজশাহীতে ৩৯ এবং রংপুরে ৩৩ জন রয়েছেন।নতুন করে হাম নিশ্চিত হওয়া ৬৮ জনের মধ্যে ৪৩ জন ঢাকা বিভাগের এবং ২৫ জন সিলেট বিভাগের বাসিন্দা। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৮ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৩৯ জন।স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৬ হাজার ৩০০ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।এ সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৫৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন। অর্থাৎ সন্দেহজনক ও নিশ্চিত—দুই শ্রেণি মিলিয়ে হামের সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬১ জনে।এ ছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৩ হাজার ১৫৮ জন।