বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু; জানাজা রাজাপুর ঈদগাহ মাঠেদর্শকপ্রিয় অভিনেতা সোহেল খানকে ঢাকার ধামরাই উপজেলার রাজাপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তাঁর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এর আগে সন্ধ্যা ৬টার দিকে রাজাপুর ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।জানাজার আগে পরিবারের সদস্যরা উপস্থিত স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর কাছে প্রয়াত অভিনেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া চান। সোহেল খানের কাছে কারও কোনো দেনা-পাওনা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তা নিষ্পত্তি করারও অনুরোধ জানান তাঁরা।এর আগে মঙ্গলবার সকালে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৬৬ বছর বয়সী এই অভিনেতা। তাঁকে দ্রুত টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। হাসপাতালের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।গত ১৯ নভেম্বর থেকে ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। তাঁর আকস্মিক মৃত্যুর পর সিনেমাটির শুটিং সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান বলেন, সোহেল খানের মৃত্যু চলচ্চিত্র, নাট্যাঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি প্রয়াত অভিনেতাকে তাঁদের জ্যেষ্ঠ শিল্পী ও বড় ভাই হিসেবে স্মরণ করেন।মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় যাত্রা শুরু করেন সোহেল খান। পরে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।নাটক ও বিজ্ঞাপনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সোহেল খান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রজাপতি’, ‘দেশা: দ্য লিডার’, ‘কেমনে কী!’, ‘প্রিয় কমলা’, ‘শান’ ও ‘জংলি’।