বিজ্ঞপ্তির এক মাসের মধ্যে ৩৫ পদের নিয়োগ কার্যক্রম; আগের দিন পরীক্ষার খবর, ভোগান্তির অভিযোগ প্রার্থীদেরকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে তাড়াহুড়া করার অভিযোগ উঠেছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের এক মাসের মধ্যে ৩৫টি পদের নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে কয়েকটি পদের প্রার্থীরা যথাসময়ে পরীক্ষার তথ্য ও প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) না পাওয়ার অভিযোগ করেছেন। প্রশাসনিক কর্মকর্তা পদে লিখিত পরীক্ষার দিন সকালে পরীক্ষাকেন্দ্রে গিয়ে প্রবেশপত্র হাতে পেয়েছেন বলে জানিয়েছেন কয়েকজন প্রার্থী।এতে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনা এবং পরীক্ষার প্রস্তুতি নেওয়া নিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে তাঁদের। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, ডাকযোগে প্রবেশপত্র পাঠানোর পাশাপাশি ফোনে পরীক্ষার তারিখ ও সময় জানানো হয়েছিল। কেউ যাতে প্রবেশপত্র বা কাগজপত্রের কারণে পরীক্ষা থেকে বঞ্চিত না হন, সে ব্যবস্থাও রাখা হয়েছিল।বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত ৭ অক্টোবর বিভিন্ন পদে ৩৫ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে ১৪টি শিক্ষক এবং ২১টি কর্মকর্তা-কর্মচারীর পদ রয়েছে। আবেদনের শেষ সময় ছিল ২৬ অক্টোবর। আবেদন গ্রহণের সময়সীমা শেষ হওয়ার পরপরই নিয়োগ কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।আগামী ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকে সামনে রেখে আবেদন শেষ হওয়ার এক মাসের মধ্যে বিভিন্ন পদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। দ্রুত নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে প্রার্থীদের যথাসময়ে পরীক্ষার তথ্য ও প্রবেশপত্র না দেওয়ার অভিযোগ উঠেছে।পরীক্ষার আগের দিন জানানো হয় সময়সূচিপ্রশাসনিক কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল ১৪ নভেম্বর সকাল ৯টায়। তবে কয়েকজন প্রার্থীর অভিযোগ, পরীক্ষার বিষয়ে তাঁদের আগের দিন ১৩ নভেম্বর বিকেলে ফোন করে জানানো হয়। পরীক্ষার আগে প্রবেশপত্র হাতে না পাওয়ায় অনেকে পরীক্ষার সময়, প্রয়োজনীয় কাগজপত্র এবং পরবর্তী মৌখিক পরীক্ষার বিষয়ে প্রস্তুতি নিতে পারেননি।প্রার্থীরা জানান, প্রবেশপত্র ডাকযোগে পাঠানোর নিয়ম থাকলেও তাঁরা পরীক্ষার আগে তা পাননি। এমনকি পরীক্ষা শেষ হওয়ার পরও ডাক বিভাগের মাধ্যমে কোনো চিঠি তাঁদের কাছে পৌঁছায়নি।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরীর স্বাক্ষরিত একটি চিঠি থেকে জানা যায়, প্রশাসনিক কর্মকর্তা পদে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের উদ্দেশে চিঠিটি ৫ নভেম্বর ইস্যু করা হয়েছিল। চিঠিতে জানানো হয়, ১৪ নভেম্বর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা একই দিন প্রশাসনিক ভবনে উপাচার্যের দপ্তরে অনুষ্ঠিত হবে।এ ছাড়া শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য প্রয়োজনীয় সনদের মূল কপি এবং চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র সঙ্গে আনার নির্দেশনা ছিল।জানা যায়, ১৪ নভেম্বর সহকারী রেজিস্ট্রার, প্রশাসনিক কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা (আপগ্রেডেশনের জন্য) এবং সহকারী রেজিস্ট্রার (আপগ্রেডেশনের জন্য) পদে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষাকেন্দ্রে গিয়ে প্রবেশপত্র পাওয়ার অভিযোগপ্রার্থীদের অভিযোগ, ৫ নভেম্বর চিঠি ইস্যু করা হলেও পরীক্ষার আগে তাঁরা প্রবেশপত্র পাননি। ১৪ নভেম্বর সকালে পরীক্ষাকেন্দ্রে গিয়ে প্রবেশপত্র হাতে পাওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র ও একই দিনে মৌখিক পরীক্ষার বিষয়ে জানতে পারেন তাঁরা।এক প্রার্থী বলেন, ‘পরীক্ষার আগের দিন আমাদের জানানো হয়, পরের দিন পরীক্ষা হবে। কোনো অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি। পরীক্ষার হলে এসে অ্যাডমিট কার্ড পাওয়ার পর জানতে পারি, কোথাও চাকরি করলে সেখান থেকে এনওসি প্রয়োজন হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। কিন্তু সকালেই লিখিত পরীক্ষার পর বিকেলে মৌখিক পরীক্ষার কথা জানানো হয়। আমাদের অনেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে পারেননি। জানি না, তারা কেন এমন করেছে। এটা একটা পাবলিক পরীক্ষা, এত তাড়াহুড়া কেন?’আরেক চাকরিপ্রার্থী বলেন, ‘আমি প্রথমে এনওসি ও প্রয়োজনীয় সনদপত্র নিয়ে আসতে পারিনি। পরীক্ষার হলে এসে জানতে পারি এগুলো লাগবে। পরে আমার এক নিকটাত্মীয়ের মাধ্যমে সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র আনাই। পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড দেওয়া এবং পরীক্ষার আগের দিন জানালে প্রস্তুতিরও একটি বিষয় থাকে। কিন্তু সেটি হয়ে ওঠেনি। জানি না, বিশ্ববিদ্যালয় প্রশাসন এমনটি কেন করল। অ্যাডমিট কার্ডে চিঠি ইস্যুর তারিখ ৫ নভেম্বর দেখেছি। কিন্তু এত দিনেও কেন আমাদের জানানো হয়নি?’প্রার্থীদের দাবি, নিয়োগের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে যথেষ্ট সময় আগে জানানো হলে তাঁরা প্রস্তুতি নেওয়ার সুযোগ পেতেন। শেষ মুহূর্তে পরীক্ষার তথ্য জানানো এবং পরীক্ষার দিন প্রবেশপত্র দেওয়ায় তাঁরা ভোগান্তিতে পড়েছেন।প্রশাসনের দাবি, কাউকে পরীক্ষা থেকে বঞ্চিত করা হয়নিএ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, ‘আমরা প্রার্থীদের ডাকযোগে অ্যাডমিট কার্ড পাঠানোর পাশাপাশি ফোন করে পরীক্ষার সময় ও তারিখ নিশ্চিত করেছি। ডাকযোগে চিঠি পৌঁছাতে দেরি হতে পারে—এ বিষয়টি বিবেচনায় নিয়েই ফোনে প্রার্থীদের জানানো হয়েছে। অ্যাডমিট কার্ড না পেলেও যাতে কেউ পরীক্ষা থেকে বঞ্চিত না হন, সে জন্য পরীক্ষার হলে অনুলিপি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল। যারা অ্যাডমিট কার্ড পাননি, তাঁদেরও পরীক্ষা দিতে দেওয়া হয়েছে।’প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কাউকে পরীক্ষা থেকে বিরত রাখা হয়নি বলেও জানান রেজিস্ট্রার। তিনি বলেন, ‘পরীক্ষার দিন প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কাউকে পরীক্ষা দিতে বাধা দেওয়া হয়নি। আমাদের উদ্দেশ্য ছিল যোগ্য কোনো প্রার্থী যেন শুধু অ্যাডমিট কার্ড বা কাগজপত্রের কারণে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত না হন।’এক মাসের মধ্যে ৩৫টি পদের নিয়োগ কার্যক্রম তাড়াহুড়া করে সম্পন্ন করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান সময়সূচি অত্যন্ত ব্যস্ত। শিক্ষক নিয়োগের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী নিয়োগও গুরুত্বপূর্ণ। বিভিন্ন বিভাগে শিক্ষক সংকট রয়েছে। এ কারণে প্রতিদিনই শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের বোর্ড এবং প্রশাসনিক সভা হচ্ছে।রেজিস্ট্রার আরও বলেন, আগামী ২৮ নভেম্বর সিন্ডিকেট সভা রয়েছে। এর আগে নিয়োগ-সংক্রান্ত বোর্ডগুলো সম্পন্ন করতে হচ্ছে। সবকিছু বিবেচনা করেই নিয়োগের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকারকে প্রশ্ন করা হলে তিনি রেজিস্ট্রারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। নিয়োগ প্রক্রিয়ায় তাড়াহুড়ার কারণে প্রার্থীরা সময়মতো প্রবেশপত্র পাচ্ছেন না—এমন প্রশ্নকে তিনি অপ্রাসঙ্গিক বলে প্রতিবেদকের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।তথ্যসূত্র: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ও রেজিস্ট্রারের স্বাক্ষরিত চিঠি, চাকরিপ্রার্থীদের বক্তব্য এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও উপ-উপাচার্যের বক্তব্য; দৈনিক২৫ নভেম্বর ২০২৬।