প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ড, সরকারি ঘর ও গভীর নলকূপ দেওয়ার প্রলোভন দেখিয়ে পিরোজপুরের কাউখালীতে শতাধিক মানুষের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আসপদ্দি গ্রামসহ বিভিন্ন এলাকার শতাধিক মানুষের কাছ থেকে বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা সংগ্রহ করে চক্রটি। শাকিল আহমেদ নামে এক ব্যক্তিকে চক্রটির মূল হোতা হিসেবে উল্লেখ করেছেন ভুক্তভোগীরা।অভিযোগ অনুযায়ী, শাকিল আহমেদ নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে মাত্র ৩ হাজার ৫০০ টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় সরকারি ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এসব সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাসে সাধারণ মানুষের কাছ থেকে পর্যায়ক্রমে টাকা নেওয়া হয়।আসপদ্দি গ্রামের বাসিন্দা ইন্দ্রজিৎ সেন ও শিউলি বেগম জানান, প্রায় দুই মাস আগে চক্রটি স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মসলা সরবরাহ করে স্থানীয় মানুষের আস্থা অর্জন করে। পরে সেই আস্থাকে পুঁজি করে বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে অর্থ আদায় করা হয়।এদিকে ফ্যামিলি কার্ডের সরকারি জরিপ কার্যক্রম নিয়ে বিভ্রান্তি এড়াতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, জরিপের কাজে নিয়োজিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নন।জেলা প্রশাসকের নির্দেশে গত সোমবার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার কাউখালীতে গিয়ে ভুক্তভোগীদের বক্তব্য শোনেন এবং তাঁদের কাছ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করেন।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা হয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।তথ্যসূত্র: ; ভুক্তভোগীদের বক্তব্য, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও কাউখালী থানা পুলিশের তথ্য।