বিয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই নেমে এলো শোকের ছায়া। বিয়ের মাত্র ১১ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ আলেম মাওলানা সাইফুল ইসলাম। স্বামীর আকস্মিক মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন নববধূ নুরে জান্নাত হিরু। এখনো হাতের মেহেদির রং না মুছতেই স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ তিনি। এ ঘটনায় দুই পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে চলছে শোকের মাতম।নিহত সাইফুল ইসলাম কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বোয়ালখালী মাদরাসায় শিক্ষকতা করতেন। তিনি পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফকিরাখোলা গ্রামের মাওলানা রেজাউল করিম ছাবেরের ছয় ছেলের মধ্যে জ্যেষ্ঠ সন্তান।পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার প্রবাসী আলা উদ্দিনের মেয়ে নুরে জান্নাত হিরুর সঙ্গে সাইফুল ইসলামের বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূ বাবার বাড়িতে বেড়াতে যান।মঙ্গলবার (২৪ নভেম্বর) কর্মস্থল বোয়ালখালী মাদরাসা থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন সাইফুল ইসলাম। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্বামীর দুর্ঘটনার খবর পেয়ে ছুটে এসে মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন নববধূ। আকস্মিক এ মৃত্যুতে দুই পরিবারের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে।বাস-অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহতপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈদগাঁও থানা এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী সাইফুল ইসলামসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।বোয়ালখালী মাদরাসার শিক্ষক মাস্টার আব্দুল বারী জানান, বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে তরুণ আলেম সাইফুল ইসলামের মরদেহ দাফন করা হয়েছে।বিয়ের মাত্র ১১ দিনের মাথায় এমন মর্মান্তিক মৃত্যুতে দুই পরিবার, সহপাঠী, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নিহতের বাড়ির পরিবেশ।তথ্যসূত্র: ২৫ নভেম্বর ২০২৬; বোয়ালখালী মাদরাসার শিক্ষক মাস্টার আব্দুল বারী ও স্থানীয় সূত্র।