অল্প তেলে মুচমুচে খাবার তৈরির সুবিধার কারণে আধুনিক রান্নাঘরে এয়ার ফ্রায়ারের ব্যবহার বাড়ছে। ফ্রেঞ্চ ফ্রাই, সমুচা, চিকেন ফ্রাইসহ বিভিন্ন খাবার সহজেই রান্না করা যায় এই যন্ত্রে। তবে নিয়মিত ব্যবহারের ফলে এর বাস্কেট, ট্রে ও ভেতরের অংশে তেল, চর্বি এবং খাবারের অবশিষ্টাংশ জমে যায়। সময়মতো পরিষ্কার না করলে দুর্গন্ধ, ধোঁয়া এমনকি যন্ত্রের কার্যক্ষমতাও কমে যেতে পারে।এয়ার ফ্রায়ার পরিষ্কারের জন্য দামি ক্লিনার বা শক্তিশালী রাসায়নিকের প্রয়োজন নেই। সাধারণ ডিশ সোপ, হালকা গরম পানি ও নরম স্পঞ্জ দিয়েই বেশির ভাগ ময়লা পরিষ্কার করা সম্ভব। তবে যন্ত্রটির স্থায়িত্ব বজায় রাখতে পরিষ্কারের সময় কিছু ভুল এড়িয়ে চলা জরুরি।পরিষ্কারের আগে ঠান্ডা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুনএয়ার ফ্রায়ার পরিষ্কারের প্রথম শর্ত হলো যন্ত্রটি বন্ধ করে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা। রান্নার পর বাস্কেট, ট্রে ও হিটিং এলিমেন্ট বেশ গরম থাকে। তাই সম্পূর্ণ ঠান্ডা হওয়ার আগে পরিষ্কার করা উচিত নয়। গরম বাস্কেট সরাসরি ঠান্ডা পানিতে দিলে তাপমাত্রার আকস্মিক পরিবর্তনে নন-স্টিক আবরণ ক্ষতিগ্রস্ত হতে পারে।যন্ত্রটি ঠান্ডা হলে ভেতরে পড়ে থাকা খাবারের টুকরো সরিয়ে বাস্কেট ও ক্রিসপার প্লেট বের করে নিতে হবে।বাস্কেট ও ট্রে ভিজিয়ে পরিষ্কার করুনএকটি পাত্রে হালকা গরম পানির সঙ্গে কয়েক ফোঁটা ডিশ সোপ মিশিয়ে বাস্কেট ও ট্রে ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এতে জমে থাকা তেল ও শক্ত ময়লা নরম হয়ে যাবে। প্রয়োজন হলে সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখা যেতে পারে।তবে পরিষ্কারের আগে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নির্দেশিকা দেখে নেওয়া জরুরি। কারণ সব মডেলের বাস্কেট ও ট্রে একই পদ্ধতিতে পরিষ্কার করা যায় না।শক্ত স্ক্রাবার ব্যবহার করবেন নাভিজিয়ে রাখার পর নরম স্পঞ্জ বা পরিষ্কার কাপড় দিয়ে বাস্কেট ও ট্রে মুছে ফেলুন। কোণা, কিনারা এবং ক্রিসপার প্লেটের ছিদ্রে জমে থাকা ময়লা পরিষ্কারে প্রয়োজনে নরম ব্রাশ বা পুরোনো টুথব্রাশ ব্যবহার করতে পারেন।স্টিল উল, ধাতব স্ক্রাবার কিংবা শক্ত ও খসখসে প্যাড ব্যবহার করা থেকে বিরত থাকুন। এতে নন-স্টিক আবরণে আঁচড় পড়তে পারে। পরিষ্কারের পর পরিষ্কার পানিতে ধুয়ে সাবানের অবশিষ্টাংশ দূর করে সম্পূর্ণ শুকিয়ে নিন।যন্ত্রের ভেতরের অংশ পরিষ্কারে সতর্কতাশুধু বাস্কেট ও ট্রে পরিষ্কার করলেই হবে না, যন্ত্রের ভেতরের অংশের দিকেও নজর দিতে হবে। এয়ার ফ্রায়ার ঠান্ডা ও বিদ্যুৎ সংযোগমুক্ত অবস্থায় রেখে নরম কাপড় হালকা সাবান-পানিতে ভিজিয়ে ভালোভাবে নিংড়ে নিন। এরপর ভেতরের দেয়াল ও হিটিং এলিমেন্টের আশপাশের তেলের দাগ মুছে ফেলুন।এ সময় অতিরিক্ত চাপ দেওয়া যাবে না। যন্ত্রের ভেতরে সরাসরি পানি ঢালা কিংবা বৈদ্যুতিক সংযোগ ও সংবেদনশীল অংশে পানি লাগানো থেকে বিরত থাকতে হবে। সবশেষে পরিষ্কার ভেজা কাপড় দিয়ে সাবানের অবশিষ্টাংশ মুছে শুকিয়ে নিন।বাইরের অংশ ও কন্ট্রোল প্যানেল পরিষ্কার করুননিয়মিত ব্যবহারে এয়ার ফ্রায়ারের বাইরের অংশ ও হ্যান্ডেলে তেলের দাগ, ধুলাবালি এবং আঙুলের ছাপ জমে। নরম কাপড়ে সামান্য ডিশ সোপ নিয়ে এসব অংশ মুছে ফেলুন। এরপর পরিষ্কার ভেজা কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিন।তবে কন্ট্রোল প্যানেলে পানি লাগানো যাবে না। সরাসরি যন্ত্রের গায়ে কোনো ক্লিনার স্প্রে করাও উচিত নয়। পাশাপাশি বাতাস চলাচলের ভেন্টগুলোতে ময়লা জমেছে কি না, তা পরীক্ষা করুন।কতদিন পরপর পরিষ্কার করবেনএয়ার ফ্রায়ার ভালো রাখতে প্রতিবার ব্যবহারের পর বাস্কেট ও ট্রে পরিষ্কার করা উচিত। বিশেষ করে তেলযুক্ত ও মসলা মাখানো খাবার রান্নার পর দ্রুত পরিষ্কার করলে ময়লা শক্ত হয়ে জমতে পারে না।অন্যদিকে, ব্যবহারের পরিমাণ অনুযায়ী সপ্তাহে অন্তত একবার অথবা প্রতি ১০ বার রান্নার পর যন্ত্রের ভেতরের অংশ ও হিটিং এলিমেন্টের আশপাশ পরিষ্কার করা যেতে পারে। নিয়মিত পরিচর্যায় দুর্গন্ধ, ধোঁয়া ও জেদি তেলের দাগের সমস্যা অনেকটাই কমে।নন-স্টিক আবরণ সুরক্ষিত রাখুনএয়ার ফ্রায়ারের বাস্কেটের নন-স্টিক আবরণ ভালো রাখতে ধাতব চামচ, খুন্তি কিংবা শক্ত কোনো সরঞ্জাম ব্যবহার করা উচিত নয়। রান্নার কাজে সিলিকন বা কাঠের তৈরি সরঞ্জাম ব্যবহার করা ভালো।প্রপেল্যান্টযুক্ত কুকিং স্প্রে দীর্ঘদিন ব্যবহারে নন-স্টিক পৃষ্ঠে আঠালো স্তর তৈরি করতে পারে। তাই এ ধরনের স্প্রে এড়িয়ে চলা ভালো। প্রয়োজনে ব্রাশ দিয়ে অল্প পরিমাণ তেল লাগানো যেতে পারে। নন-স্টিক আবরণ উঠে যেতে শুরু করলে প্রস্তুতকারকের পরামর্শ অনুযায়ী বাস্কেট পরিবর্তন করতে হবে।জেদি দাগ ও দুর্গন্ধ দূর করার উপায়সাধারণ সাবান-পানিতে তেলের জেদি দাগ না উঠলে সামান্য বেকিং সোডার সঙ্গে পানি মিশিয়ে পেস্ট তৈরি করা যেতে পারে। তবে ব্যবহারের আগে প্রস্তুতকারকের নির্দেশিকা দেখে নিতে হবে। নন-স্টিক আবরণে জোরে ঘষাঘষি করা যাবে না।এয়ার ফ্রায়ারে দুর্গন্ধ তৈরি হলে প্রথমে জমে থাকা খাবারের টুকরো ও তেলের অবশিষ্টাংশ ভালোভাবে পরিষ্কার করুন। প্রয়োজন হলে প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী উপযুক্ত পরিষ্কারক ব্যবহার করুন।এ ছাড়া ছিদ্রযুক্ত পার্চমেন্ট পেপার বা এয়ার ফ্রায়ার লাইনার ব্যবহার করলে বাস্কেটে খাবারের অবশিষ্টাংশ জমার পরিমাণ কমতে পারে। তবে এগুলো যেন বাতাস চলাচলে বাধা সৃষ্টি না করে, তা নিশ্চিত করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, খাবার ছাড়া কাগজ বা লাইনার রেখে কখনোই এয়ার ফ্রায়ার চালু করা যাবে না। বাতাসের প্রবাহে কাগজ উড়ে গিয়ে হিটিং এলিমেন্টের সংস্পর্শে এলে আগুন লাগার ঝুঁকি তৈরি হতে পারে।সঠিক নিয়মে নিয়মিত পরিষ্কার ও যত্ন নিলে এয়ার ফ্রায়ারের কার্যক্ষমতা বজায় থাকে, খাবারের মান ভালো থাকে এবং যন্ত্রটি দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব হয়।