জনবল সংকটের কথা পুলিশের, প্রতিটি জিডির তদন্তের দাবি আইনজীবীদের; থানায় পৃথক তদন্ত ডেস্ক চালুর পরামর্শ বিশেষজ্ঞদেরথানায় সাধারণ ডায়েরি (জিডি) করে প্রতিকার পাওয়ার আশায় থাকেন অসংখ্য মানুষ। হারানো মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক, নিরাপত্তাহীনতা কিংবা বিভিন্ন বিরোধের ঘটনায় পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ জানান তারা। কিন্তু জিডি করার পর অনেক ক্ষেত্রে তদন্তের অগ্রগতি বা প্রতিকার না পাওয়ার অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের। পুলিশ বলছে, জিডির বিষয়বস্তু ও গুরুত্ব বিবেচনায় নিয়ে তদন্ত করা হয়। তবে জনবল ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে বিপুলসংখ্যক জিডি সামলাতে হিমশিম খাচ্ছে থানাগুলো।পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুনে দেশের বিভিন্ন থানায় এক লাখ ৮৫ হাজার ৮৮৭টি জিডি করা হয়েছে। এর মধ্যে অনলাইনে এক লাখ ১১ হাজার ৯৪২টি এবং থানায় সরাসরি গিয়ে ৭৩ হাজার ৭০৩টি জিডি করেন ভুক্তভোগীরা। ওই মাসে অনলাইনে জিডির হার ছিল প্রায় ৬০ শতাংশ। এ ছাড়া বর্তমান সরকারের প্রথম নয় মাসে শুধু অনলাইনে ১৫ লাখ ৬৩ হাজার ৩৫৩টি জিডি করা হয়েছে। সরাসরি থানায় গিয়ে করা জিডির সংখ্যা এর বাইরে।পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তার ভাষ্য, অনলাইন ও সরাসরি—দুই পদ্ধতি মিলিয়ে প্রতি মাসে গড়ে প্রায় দুই লাখ জিডি হয়। দেশের ৬৫৪টি থানায় এসব জিডি নথিভুক্ত হলেও জনবল সংকট ও নানা সীমাবদ্ধতার কারণে সবগুলোর তদন্ত যথাযথভাবে করা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে থানায় পৃথক জিডি তদন্ত ডেস্ক চালুর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শুরুতে মডেল থানাগুলোতে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালুর কথা বলছেন তারা।জিডি করেও মেলেনি প্রতিকাররাজধানীর নয়াপল্টনের গৃহবধূ আফছানা নিজের ও পরিচিতজনদের পণ্য বিক্রির জন্য ফেসবুকে একটি পেজ খুলেছিলেন। কিন্তু হ্যাকারদের কবলে পড়ে পেজটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে সেখানে অশ্লীল ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। পেজটি উদ্ধারের আশায় ২০২৩ সালের ১৬ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানায় জিডি করেন তিনি। জিডির নম্বর ১০৪৬।জিডিটির তদন্তের দায়িত্ব পান উপপরিদর্শক (এসআই) পারভেজ ভূঁইয়া। তবে অভিযোগকারীর ভাষ্য, জিডি করার পর পুলিশ তাকে কোনো অগ্রগতি জানায়নি। একবারের জন্যও কেউ যোগাযোগ করেননি।এসআই পারভেজ জানান, জিডিটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। তবে ডিবি কার্যালয়ে খোঁজ নিয়েও এর কোনো অগ্রগতির তথ্য পাওয়া যায়নি।একই এলাকার বাসিন্দা আলাউদ্দিনের অভিযোগ, গত ১৫ মার্চ তার আইফোন হারিয়ে যায়। ওই দিনই শাহবাগ থানায় জিডি করেন তিনি, যার নম্বর ১০৬১। মোবাইল ফোনটি উদ্ধারের অনুরোধ জানিয়ে পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও জিডির কপি দেন। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও থানা থেকে কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি। ফোন উদ্ধারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়েও কোনো তথ্য পাননি তিনি।রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা জিয়াউল হকের অভিযোগ, প্রায় তিন বছর আগে একটি ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে থানায় জিডি করেও কোনো প্রতিকার পাননি তিনি। তার ভাষ্য, বাংলা হাইকেট প্রপার্টিজ লিমিটেড নামের প্রতিষ্ঠানটিতে একটি ফ্ল্যাট বুকিং দিয়েছিলেন। পরে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আল আমিন গোলাম মইন উদ্দিন আহমেদ মাসুম বিভিন্ন অজুহাতে অতিরিক্ত অর্থ দাবি করতে থাকেন। কয়েক দফা টাকা দেওয়ার পরও দাবি অব্যাহত থাকে। একপর্যায়ে তার নামে বুকিং দেওয়া ফ্ল্যাটটি অন্য ব্যক্তির কাছে বেশি দামে বিক্রির চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন জিয়াউল।এ ঘটনায় প্রতিকার চেয়ে খিলগাঁও থানায় জিডি করেন তিনি। কিন্তু তার অভিযোগ, পুলিশ তদন্ত করেনি বা সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেনি। পরে থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দিলে তিনি আদালতে আবেদন করেন। সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট তার বক্তব্য শুনে খিলগাঁও থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপরও তদন্তের অগ্রগতি হয়নি বলে দাবি জিয়াউলের। পরে পুলিশ তাকে জানায়, থানায় করা জিডির নথিপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না।জিয়াউল বলেন, জিডি করার তিন বছরের বেশি সময় পার হলেও তিনি কোনো প্রতিকার পাননি, তদন্তের দৃশ্যমান অগ্রগতিও দেখেননি।জিডির আইনি ভিত্তি১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধিতে আমলযোগ্য ও আমল-অযোগ্য অপরাধের তথ্য নথিভুক্ত এবং তদন্তের বিষয়ে বিধান রয়েছে। আইনের ১৫৪ ধারায় আমলযোগ্য অপরাধের তথ্য এজাহার হিসেবে লিপিবদ্ধ করার কথা বলা হয়েছে। ১৫৫ ধারায় আমল-অযোগ্য অপরাধের তথ্য নথিভুক্ত এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তদন্তের বিধান রয়েছে। এ ছাড়া পুলিশ প্রবিধানের ৩৭৭ বিধিতে থানার সাধারণ ডায়েরি সংরক্ষণের বিষয়ে নির্দেশনা রয়েছে।সাধারণত কোনো ঘটনা বা অভিযোগের সরকারি রেকর্ড তৈরি, ভবিষ্যতে আইনি জটিলতা দেখা দিলে পূর্ববর্তী তথ্য সংরক্ষণ, প্রাণনাশের হুমকি বা নিরাপত্তাহীনতার বিষয় পুলিশকে জানানো এবং হারানো বা নিখোঁজ ব্যক্তি, দলিল, সনদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রীর তথ্য নথিভুক্ত করার জন্য জিডি করা হয়।পুলিশ আইন, ১৮৬১-এর ৪৪ ধারায় প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাধারণ ডায়েরি সংরক্ষণের দায়িত্বের কথা বলা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের এ ডায়েরি তলব ও পরিদর্শনের ক্ষমতাও রয়েছে।বিষয়বস্তু ও গুরুত্ব বিবেচনায় তদন্তজিডি তদন্ত না হওয়ার অভিযোগের বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক কামারুম মুনিরা বলেন, দেশের থানাগুলোতে প্রতিনিয়ত বিপুলসংখ্যক জিডি হয়। এসব জিডির বিষয়বস্তু ও গুরুত্ব বিবেচনা করে পুলিশ তদন্ত করে থাকে। বিশেষ করে ব্যক্তি বা শিশু নিখোঁজ হওয়ার জিডিগুলো অধিক গুরুত্ব দিয়ে দেখা হয়। আমল-অযোগ্য কিছু জিডির তদন্তের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হয়। সে ক্ষেত্রে আদালতের অনুমতি নিয়েই তদন্ত করা হয়।প্রতিটি জিডির তদন্ত হওয়া উচিতসুপ্রিম কোর্টের আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ বলেন, জিডি সাধারণত দুই ধরনের—একটি কোনো ঘটনা সম্পর্কে পুলিশকে অবহিত করা, অন্যটি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন। নিয়ম অনুযায়ী, প্রতিটি জিডির তদন্তের দায়িত্ব এএসআই বা এসআই পদমর্যাদার একজন কর্মকর্তাকে দেওয়া হয়। তদন্ত শেষে তিনি প্রতিবেদন দাখিল করবেন। সেই প্রতিবেদনের ভিত্তিতে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে মামলা হতে পারে। আর আমলযোগ্য অপরাধের উপাদান না থাকলে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া যেতে পারে।তার অভিযোগ, হাতেগোনা কয়েকটি ঘটনা ছাড়া অধিকাংশ জিডির তদন্তে পুলিশের আগ্রহ দেখা যায় না। একজন নাগরিক প্রতিকার চেয়ে রাষ্ট্রীয় সংস্থার কাছে আবেদন করলে সেটি তদন্ত করে যথাযথ প্রতিবেদন দেওয়া পুলিশের দায়িত্ব। আমল-অযোগ্য অপরাধের ক্ষেত্রে প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেটের অনুমতি নেওয়ার বিধানও রয়েছে। কিন্তু তার দাবি, এ ধরনের অনুমতি নেওয়ার ঘটনা খুবই কম।জিডি তদন্তে পৃথক ডেস্কের পরামর্শঅপরাধ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, জিডি আইনি ব্যবস্থা গ্রহণের প্রাথমিক পদক্ষেপ। দেশের থানাগুলোতে প্রতিনিয়ত এত বেশি জিডি হচ্ছে যে, অনেক ক্ষেত্রে পুলিশ ইচ্ছা থাকা সত্ত্বেও সবগুলোর তদন্ত করতে পারে না। জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতিসহ নানা সীমাবদ্ধতা রয়েছে।তিনি বলেন, জিডি করার পর কোনো ব্যবস্থা না নেওয়া হলে সংশ্লিষ্ট থানা পুলিশের প্রতি ভুক্তভোগীদের আস্থা কমে যায়। বিশেষ করে গণমাধ্যমে আলোচিত ঘটনা কিংবা সামাজিক ও আর্থিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের অভিযোগ বেশি গুরুত্ব পায়—এমন ধারণা সাধারণ মানুষের মধ্যে তৈরি হলে পুলিশের প্রতি আস্থার সংকট আরও বাড়ে।ড. তৌহিদুল হক আরও বলেন, থানাগুলোতে নারী ও শিশু সহায়তা ডেস্কসহ বিভিন্ন ধরনের ডেস্ক রয়েছে। একইভাবে জিডি তদন্তের জন্য পৃথক ডেস্ক চালু করা যেতে পারে। সেখানে নির্দিষ্টসংখ্যক কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। তারা থানায় নথিভুক্ত জিডিগুলো যাচাই, তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।প্রাথমিকভাবে দেশের মডেল থানাগুলোতে পরীক্ষামূলকভাবে জিডি তদন্ত ডেস্ক চালুর পরামর্শ দেন তিনি। সেখানকার অভিজ্ঞতার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের সব থানায় এ ব্যবস্থা চালু করা গেলে জিডি করে প্রতিকার প্রত্যাশী মানুষের পুলিশের প্রতি আস্থা বাড়বে। পাশাপাশি সময়মতো তদন্তের মাধ্যমে বড় ধরনের অপরাধ প্রতিরোধের সুযোগও তৈরি হতে পারে।