ফিলিস্তিনিদের ওপর নজরদারি, তাদের চলাচল পর্যবেক্ষণ এবং সামরিক অভিযানে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। গুগল, অ্যামাজন, মাইক্রোসফট ও প্যালান্টিরের ক্লাউড, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং নজরদারি প্রযুক্তি ইসরাইলি সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছে বলে বিভিন্ন সূত্র ও বিশ্লেষকের দাবি। তবে এসব অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানগুলোর বক্তব্যেও ভিন্নতা রয়েছে।আলজাজিরার ২৬ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সামরিক বাহিনীর বিপুলসংখ্যক ফিলিস্তিনির ছবি ও তথ্য সংরক্ষণে অ্যামাজনের ক্লাউড অবকাঠামো ব্যবহারের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। মানবাধিকার সংগঠন ও বিশ্লেষকদের মতে, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সেবা ইসরাইলের সামরিক নজরদারি ও হামলার লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।২০২৪ সালের জানুয়ারিতে প্যালান্টির ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ‘যুদ্ধসংক্রান্ত কার্যক্রমে’ কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দেয়। মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম অ্যাজুরে ফিলিস্তিনিদের বিপুলসংখ্যক ফোনালাপের রেকর্ড সংরক্ষণের অভিযোগও রয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, এসব তথ্য সামরিক অভিযানে লক্ষ্য নির্ধারণে ব্যবহার করা হয়েছে।গুগল ও অ্যামাজন ইসরাইলের ১২০ কোটি ডলারের ‘প্রজেক্ট নিম্বাস’-এর আওতায় দেশটির সামরিক বাহিনীকে ক্লাউড, এআই ও মুখ শনাক্তকরণ প্রযুক্তি সরবরাহ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মাইক্রোসফটের অ্যাজুরের মাধ্যমে ইসরাইলি সামরিক বাহিনী ওপেনএআইয়ের জিপিটি-৪ মডেল ব্যবহারের সুযোগ পেয়েছে বলেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেস্কা আলবানিজ ২০২৫ সালের জুলাইয়ে এক প্রতিবেদনে প্যালান্টিরের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীকে পূর্বাভাসভিত্তিক নজরদারি ও এআই প্রযুক্তি সরবরাহের অভিযোগ তোলেন। তবে যুদ্ধাপরাধে সহায়তার অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি।প্রযুক্তি প্রতিষ্ঠানে ইসরাইলি গোয়েন্দাদের কর্মসংস্থানমার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে ইসরাইলের সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর সাবেক ও বর্তমান সদস্যদের কর্মসংস্থান নিয়েও উদ্বেগ রয়েছে। ড্রপ সাইট নিউজের ২০২৫ সালের এক প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সামরিক গোয়েন্দা বাহিনীর প্রায় ১ হাজার ৪০০ সদস্য বিভিন্ন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করছেন। তাঁদের মধ্যে প্রায় ৯০০ জন ইউনিট ৮২০০-এর সাবেক বা বর্তমান সদস্য।প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফট, এনভিডিয়া, মেটা, গুগল, ইন্টেল ও অ্যাপলে তাঁদের অনেকে কর্মরত। বিশ্লেষকদের আশঙ্কা, এসব নিয়োগের ফলে প্রতিষ্ঠানগুলোর ভেতরে ইসরাইলি সামরিক গোয়েন্দা নেটওয়ার্কের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে।ফিলিস্তিনিদের চলাচল নজরদারির আওতায়ফিলিস্তিনি ডিজিটাল অধিকার সংগঠন ৭আমলেহর প্রতিনিধি জালাল আবুখাতের বলেন, পূর্ব জেরুজালেম ও হেবরনসহ বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের নিয়মিত ছবি তোলা হচ্ছে। চেকপোস্ট, সড়কের ক্যামেরা ও অন্যান্য নজরদারি ব্যবস্থায় সংগৃহীত তথ্য বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হচ্ছে।তাঁর ভাষ্য, ফোন ট্র্যাকিংসহ নানা প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা সংস্থাগুলো মানুষের চলাচল, অবস্থান এবং কোথায় কতক্ষণ অবস্থান করেছেন—তার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।অভিযোগগুলোর বিষয়ে মাইক্রোসফট জানিয়েছে, তাদের প্রযুক্তি ব্যবহার করে বেসামরিক নাগরিকদের ওপর গণনজরদারির অভিযোগ তদন্ত করা হয়েছে। প্রযুক্তির ব্যবহার ও তদারকিতে নিয়ন্ত্রণ জোরদারের উদ্যোগও নেওয়া হয়েছে।অ্যামাজন বলেছে, গ্রাহকের তথ্যের গোপনীয়তা রক্ষা তাদের নীতি এবং গ্রাহকেরা তাদের প্রযুক্তি কীভাবে ব্যবহার করছেন, সে বিষয়ে প্রতিষ্ঠানটির সরাসরি দৃশ্যমানতা নেই। ওপেনএআই জানিয়েছে, ইসরাইলের সামরিক বা গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের সরাসরি কোনো চুক্তি নেই।তবে প্যালান্টির, গুগল, এনভিডিয়া ও ইসরাইলি সামরিক বাহিনী এ বিষয়ে আলজাজিরার মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।বিশ্লেষকদের মতে, ক্লাউড, এআই ও নজরদারি প্রযুক্তি ইসরাইলের সামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। এতে ফিলিস্তিনিদের ওপর নজরদারির পরিসর বাড়ার পাশাপাশি যুদ্ধ ও মানবাধিকার লঙ্ঘনে বৈশ্বিক প্রযুক্তি খাতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।তথ্যসূত্র: আলজাজিরা, ২৬ নভেম্বর ২০২৬।