লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা তাঁদের দুজনকেই আরও উঁচু পর্যায়ে পৌঁছাতে অনুপ্রাণিত করেছে। এই প্রতিযোগিতা তাঁদের ক্যারিয়ার দীর্ঘায়িত করতেও ভূমিকা রেখেছে বলে মনে করেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।ব্রাজিলের সাবেক ফুটবলার রোমারিওর সঙ্গে এক সাক্ষাৎকারে গার্দিওলা বলেন, মেসি ও রোনালদো একে অপরের জন্য বড় অনুপ্রেরণা ছিলেন। কে বেশি গোল করবেন, কে বেশি শিরোপা জিতবেন—এমন প্রতিযোগিতা তাঁদের নিয়মিত নিজেদের ছাড়িয়ে যাওয়ার তাগিদ দিয়েছে।গার্দিওলার মতে, একে অপরের পারফরম্যান্সের দিকে নজর রেখে দুজনই আরও ভালো করার চেষ্টা করেছেন। তাঁদের ভাবনা ছিল, ‘আমাকে তার চেয়ে ভালো হতে হবে, তার চেয়ে বেশি জিততে হবে।’ এই প্রতিদ্বন্দ্বিতা না থাকলে তাঁরা এত দীর্ঘ সময় শীর্ষ পর্যায়ে থাকতে পারতেন কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।রোনালদোর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতার প্রশংসা করে গার্দিওলা বলেন, জেতা ও নিজেকে প্রমাণ করাই পর্তুগিজ তারকার প্রধান লক্ষ্য। দুই পা ও মাথা—সবকিছু দিয়েই গোল করার অসাধারণ দক্ষতা রয়েছে তাঁর।অন্যদিকে, মেসির ধারাবাহিকতাকে ব্যতিক্রমী বলে উল্লেখ করেন স্প্যানিশ এই কোচ। বার্সেলোনায় চার বছর মেসিকে কোচিং করানোর অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অনুশীলনেও আর্জেন্টাইন তারকার প্রতিযোগিতামূলক মানসিকতা ছিল চোখে পড়ার মতো। ওই সময়ে মেসিকে কোনো অনুশীলন মিস করতে দেখেননি তিনি।গার্দিওলার ভাষ্য, প্রতি তিন দিন পরপর ম্যাচে তিনটি গোল করা কিংবা তিনটি গোলে সহায়তা করার মতো ধারাবাহিকতা খুব কম খেলোয়াড়ের মধ্যে দেখা যায়। ১৫ থেকে ২০ বছর ধরে এমন উচ্চমানের পারফরম্যান্স ধরে রাখা প্রায় অসম্ভব।মেসির মানসিকতার সঙ্গে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের তুলনাও টানেন গার্দিওলা। তাঁর মতে, দুজনের মধ্যেই সেরা হওয়ার প্রবল আকাঙ্ক্ষা ছিল।মেসি ও রোনালদো একসঙ্গে ১৩টি ব্যালন ডি’অর জিতেছেন। একসময় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে তাঁদের দ্বৈরথ স্প্যানিশ ফুটবলের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছিল। সে সময় বার্সেলোনার কোচ ছিলেন গার্দিওলা। তাঁর অধীনে চার মৌসুমে ক্লাবটি ১৪টি শিরোপা জেতে, যার মধ্যে ছিল দুটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি লা লিগা শিরোপা।