হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, এক দিনে শনাক্ত ১১০৯
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ১০:০ সময়
দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১০৯ জন।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় এসব শিশুর মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৯ জনের শরীরে নিশ্চিত ও সন্দেহজনক হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ জন। মৃতদের প্রায় সবাই শিশু।স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, অতীতেও দেশে হামে মৃত্যুর ঘটনা ঘটেছে। ২০০৬ সালে দৈবচয়নের ভিত্তিতে পরিচালিত এক জরিপে চারজনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। এরপর ২০১৭ সালে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়। ২০১৮ সালে ছয়জন এবং ২০২০ সালে সাতজনের মৃত্যু ছিল উল্লেখযোগ্য।সাম্প্রতিক সময়ে হামের উপসর্গ নিয়ে ধারাবাহিক মৃত্যুর ঘটনা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে শিশুদের আক্রান্ত হওয়া ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপের গুরুত্ব আরও বেড়েছে।