কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানের প্রতি ইতিবাচক অবস্থানের সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ফজলুর রহমানের এমন অবস্থানকে ‘পরকীয়া’র সঙ্গে তুলনা করে তিনি বলেছেন, বিএনপির অর্জন ভোগ করে অন্য দলের সাফল্য প্রচার করা ঠিক নয়।সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে এসব মন্তব্য করেন শামসুজ্জামান দুদু। পরে তাঁর বক্তব্যের ওই অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়।টক শোতে দুদু বলেন, ফজলুর রহমান আওয়ামী লীগকে মনেপ্রাণে ভালোবাসতে চাইলে বা দলটি নিয়ে কথা বলতে চাইলে তা করতে পারেন। তবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে আওয়ামী লীগের প্রতি এমন ভালোবাসা প্রকাশ করাকে ‘পরকীয়া’র মতো বলে মন্তব্য করেন তিনি।ফজলুর রহমানের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে দুদু আরও বলেন, ‘খাই-দাই, অর্জন করি বিএনপির, আর অন্যেরটা আমি সাফল্য হিসেবে গাই—এটা তো ঠিক হবে না।’ তাঁর অভিযোগ, ফজলুর রহমান প্রায়ই নানা বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেন।দুদু বলেন, ফজলুর রহমান একসময় ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন। এমনকি আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়েও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তাঁর বক্তব্যে আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমান প্রসঙ্গ গুরুত্ব পাচ্ছে। তবে এসব বক্তব্য জাতীয় রাজনীতিতে খুব বেশি গুরুত্ব বহন করে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।উল্লেখ্য, অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানের পক্ষে বক্তব্য দিতে দেখা গেছে। তাঁর এসব বক্তব্য ঘিরে বিএনপির ভেতরে-বাইরে রাজনৈতিক আলোচনা তৈরি হয়েছে।