আওয়ামী লীগ আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পেলে সবচেয়ে বেশি রাজনৈতিক চাপে পড়বে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধীদলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাঁদের অনেকের মিল-কারখানা ও ব্যবসা-বাণিজ্য অন্যদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সরকারি দলের কিছু ব্যক্তি এসব ব্যবসা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সুবিধা ভোগ করছেন। এসব ব্যবসা থেকে অর্জিত অর্থ শ্রমিক অধ্যুষিত এলাকায় উসকানি ও অস্থিরতা সৃষ্টির কাজে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।গার্মেন্টস খাতকে ক্ষতিগ্রস্ত করা এবং বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে—এমন বার্তা আন্তর্জাতিক মহলে পৌঁছে দিতে পরিকল্পিতভাবে কৃত্রিম অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী। তাঁর অভিযোগ, এর পেছনে পতিত ফ্যাসিস্টদের অর্থায়ন রয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, শুধু গাজীপুর এলাকায় এ ধরনের কর্মকাণ্ডে ১০০ কোটি টাকা অর্থায়ন করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তির বরাত দিয়ে নুর দাবি করেন, অতীতে ক্ষমতার অপব্যবহার ও লুটপাটের সঙ্গে জড়িত আওয়ামী লীগের লোকজনের অর্থায়ন ও উসকানিতে বিভিন্ন কারখানা বন্ধের ষড়যন্ত্র চলছে। এসব কর্মকাণ্ডে কেউ আশ্রয়-প্রশ্রয় বা সহযোগিতা করলে তাদের বিরুদ্ধেও অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর দাবি, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টিতেও এসব অর্থ ব্যয় করা হচ্ছে।সরকারি উন্নয়নকাজ ও দরপত্র প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, নির্মাণকাজ ও সরকারি টেন্ডারে পূর্ব অভিজ্ঞতার শর্তের কারণে এখনো প্রায় ৮০ শতাংশ কাজ আওয়ামী লীগের লোকজন পাচ্ছেন। এতে নতুন উদ্যোক্তারা কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। নতুন ব্যবসায়ীদের অংশগ্রহণের সুযোগ বাড়াতে পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধন করা হয়েছে উল্লেখ করে তিনি সবাইকে সরকারি দরপত্রে অংশ নেওয়ার আহ্বান জানান।আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাত। এতে বক্তব্য দেন জোটের প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার নাসিম খানসহ জোটের অন্যান্য নেতারা।