বাংলাদেশে শ্রমিকদের জন্য ঘোষিত নতুন মজুরি কাঠামো ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তুলনায় বেশি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানিয়েছেন, নতুন কাঠামোয় শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা এবং সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে রিজভীও উপস্থিত ছিলেন।রিজভী বলেন, সাম্প্রতিক সময়ে শ্রমিক অসন্তোষ ও আন্দোলন নিরসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে একটি কার্যকর সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে। এর অংশ হিসেবে শ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে।নতুন মজুরি কাঠামোর বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, সর্বনিম্ন পর্যায়ে শ্রমিকদের বেতন ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ পর্যায়ে ৬ হাজার ৪৬৫ টাকা পর্যন্ত বেড়েছে। তাঁর দাবি, নতুন এই মজুরি কাঠামো প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায়ও বেশি।এ সময় নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা। আমানউল্লাহ আমানকে আহ্বায়ক এবং শামসুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্যসচিব করে গঠিত কমিটির নেতৃত্বের প্রতিও আস্থা প্রকাশ করেন তিনি।দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন রিজভী। তাঁর দাবি, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তি সীমান্তের ওপার থেকে বিভিন্ন পক্ষকে ব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মাটিতে তাঁর আর ফিরে আসার সুযোগ হবে না।এ ছাড়া আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের বিষয়ে ছড়িয়ে পড়া বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, দেশের জনগণের ওপর কোনো শক্তি আগ্রাসন চালিয়ে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে না।