পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সিদ্ধান্ত সম্পর্কে অনেক শ্রমিক এখনো সঠিক তথ্য না জানায় বিভিন্ন কারখানায় মিশ্র প্রতিক্রিয়া ও শ্রম অসন্তোষ দেখা দিচ্ছে বলে জানিয়েছেন শ্রমিক নেতা ও নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।বাবুল আখতার বলেন, মজুরি বোর্ডের সিদ্ধান্ত সম্পর্কে শ্রমিকদের কাছে সঠিক তথ্য পৌঁছানো প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মজুরি বোর্ডের নতুন সভা হবে এবং আবারও মজুরি নির্ধারণ করা হবে—এমন গুজব ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারের কারণে কিছু কারখানায় এখনো আন্দোলন অব্যাহত রয়েছে।তিনি জানান, আশুলিয়া এলাকায় শ্রমিক আন্দোলন অনেকটাই কমে এসেছে। তবে যেসব কারখানায় এখনো অসন্তোষ চলছে, সেখানে রাজনৈতিক বিবেচনা, বাইরে থেকে উসকানি এবং মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্কের অভাব ভূমিকা রাখছে। পাশাপাশি মালিকপক্ষের যথাযথ বার্তা শ্রমিকদের কাছে না পৌঁছানো ও কারখানা ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যাও অসন্তোষের অন্যতম কারণ।চলমান আন্দোলন থেকে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা এখনো আন্দোলন করছেন, তাদের কাজে ফেরার অনুরোধ করছি। একই সঙ্গে শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ও উসকানি ছড়ানো বন্ধ করতে হবে।নতুন মজুরি কাঠামো প্রসঙ্গে বাবুল আখতার বলেন, এতে কোনো শ্রমিকের বেতন বৃদ্ধি দুই হাজার টাকার কম হবে না। কোনো কোনো শ্রমিকের ক্ষেত্রে বেতন পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে।মজুরি বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কিছু শ্রমিক সংগঠন নেতিবাচক প্রতিক্রিয়া জানালেও দেশি-বিদেশি বিভিন্ন পক্ষ ও দূতাবাস সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছে বলে দাবি করেন তিনি।তিনি আরও বলেন, আগে পাঁচ বছর পরপর শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হতো। এবার তিন বছর পর নতুন করে মজুরি নির্ধারণ করা হয়েছে। তবে প্রতিবছর মজুরি পর্যালোচনা ও সমন্বয়ের জন্য বিকল্প ব্যবস্থা চালু করা যায় কি না, তা বিবেচনা করা প্রয়োজন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন মাহমুদ, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।