রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মতবিনিময়কালে গণমাধ্যমের স্বাধীনতা, নিরাপত্তা ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন সম্পাদক পরিষদের সদস্যরা। একই সঙ্গে গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় গণমাধ্যমের সঙ্গে রাষ্ট্র ও সরকারের কার্যকর এবং নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে সম্পাদক পরিষদের সদস্যদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পরিষদের সভাপতি ও দি নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর এবং সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তা-এর সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদসহ সদস্যরা অংশ নেন।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পাশাপাশি দেশের গণমাধ্যমের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে তাঁদের কাছে জানতে চান।মতবিনিময় সভায় সম্পাদক পরিষদের সদস্যরা বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। তাঁরা বলেন, জনস্বার্থে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা নিশ্চিত করতে রাষ্ট্র ও সরকারের সঙ্গে গণমাধ্যমের নিয়মিত ও কার্যকর সংযোগ থাকা প্রয়োজন। সাংবাদিকেরা যাতে স্বাধীন, মুক্ত ও নিরাপদ পরিবেশে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে পারেন, সে জন্য রাষ্ট্রের সহযোগিতাও কামনা করেন তাঁরা।জবাবে রাষ্ট্রপতি গণমাধ্যমের সহযোগিতার বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে আশ্বাস দেন।সভায় আরও উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক প্রথম আলো-এর সম্পাদক মতিউর রহমান, দৈনিক মানবজমিন-এর সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক ইত্তেফাক-এর সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক ইনকিলাব-এর সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, দৈনিক করতোয়া-এর সম্পাদক মোজাম্মেল হক এবং সুপ্রভাত বাংলাদেশ-এর সম্পাদক রুশো মাহমুদ। এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় শেষে রাষ্ট্রপতি সম্পাদক পরিষদের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।