সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, জিয়াউলের অপরাধ সমুদ্রসমান। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশিরকণা। একই সঙ্গে তাঁর সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার তৃতীয় দিনের যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল এসব আবেদন জানান। এ সময় তিনি জিয়াউল আহসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ প্রার্থনা করেন।আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এ মামলা করা হয়েছে। মামলায় একমাত্র আসামি হিসেবে জিয়াউল কারাগার থেকে ভার্চুয়ালি বিচারকাজে অংশ নিচ্ছেন। যুক্তিতর্কের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়।অপরাধের বিচার না হলে জনগণের আস্থা থাকবে নাযুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষ যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করেছে। এসব অপরাধ বেসামরিক জনগণের ওপর ব্যাপক ও পদ্ধতিগত আক্রমণের অংশ, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে।তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের নিজস্ব আদালত হিসেবে বিচার করার এখতিয়ার রাখে। এ মামলার বিচার ন্যায্য ও নিরপেক্ষ হয়েছে। আসামিপক্ষ আত্মপক্ষ সমর্থনের সব সুযোগ পেয়েছে এবং পরবর্তী সময়ে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে তাদের যুক্তি উপস্থাপনের সুযোগও পাবে।অ্যাটর্নি জেনারেল আরও বলেন, জিয়াউল নিজে হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন এবং অধস্তনদের আদেশ দিয়ে অপরাধ সংঘটনে বাধ্য করেছেন। ব্যক্তিগত দায়, যৌথ দায় এবং ঊর্ধ্বতন কমান্ডারের দায়—সব ক্ষেত্রেই তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রাষ্ট্রপক্ষ মনে করে।গুম চলমান অপরাধগুমকে চলমান অপরাধ হিসেবে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, যাঁরা এখনো ফিরে আসেননি এবং যাঁদের মরদেহ পাওয়া যায়নি, তাঁদের ক্ষেত্রে অপরাধের অবসান ঘটেনি। জিয়াউল বিচারাধীন থাকলেও এসব অপরাধের ধারাবাহিকতা শেষ হয়নি।তিনি বলেন, একের পর এক মানুষকে তুলে নিয়ে গোপনে আটকে রাখা, নির্যাতন, হত্যা ও গুমের মতো ঘটনা ঘটেছে। এসব অপরাধে অসংখ্য পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে। কোনো শাস্তিই তাঁদের জীবন ফিরিয়ে দিতে পারবে না। তবু অপরাধের বিচার হতে হবে।রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও আইনের ব্যাখ্যা-বিশ্লেষণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনা সব অভিযোগ যুক্তিসংগত সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করা সম্ভব হয়েছে বলে দাবি করেন অ্যাটর্নি জেনারেল।সর্বোচ্চ শাস্তি চাইল রাষ্ট্রপক্ষঅপরাধের ভয়াবহতা তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, এত মানুষের রক্তপাত, প্রাণহানি ও স্বজনদের দুর্ভোগের তুলনায় একবার মৃত্যুদণ্ডের সাজা অত্যন্ত সামান্য। তাঁর ভাষায়, ‘জিয়াউলের অপরাধ সমুদ্রসমান। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশিরকণা।’তিনি বলেন, শত শত মানুষকে হত্যা করলেও একজন ব্যক্তিকে একবারের বেশি সর্বোচ্চ শাস্তি দেওয়া সম্ভব নয়। বিচারব্যবস্থার এই সীমাবদ্ধতা মেনে নিয়েই আইন যে সর্বোচ্চ শাস্তির বিধান রেখেছে, রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালের কাছে তা প্রয়োগের আবেদন জানাচ্ছে।অ্যাটর্নি জেনারেল আরও বলেন, এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সভ্যতা টিকে থাকবে না। বিচার না হলে অপরাধের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন এবং রাষ্ট্রব্যবস্থার ওপর জনগণের আস্থা কমে যাবে।যুক্তিতর্ক শেষে জিয়াউল আহসানকে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ চান অ্যাটর্নি জেনারেল। পাশাপাশি তাঁর সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানান তিনি।