তেহরানে নিজ বাসা থেকে আটক মেহদি মাহমুদিয়ান; মারধরের অভিযোগ, কারাগারে থাকার দাবি মানবাধিকারকর্মীরইরানের প্রখ্যাত মানবাধিকারকর্মী ও অস্কার মনোনীত চিত্রনাট্যকার মেহদি মাহমুদিয়ানকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সরকারবিরোধী প্রচারণা ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে গত বুধবার (২৫ নভেম্বর) রাজধানী তেহরানে নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসও জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) মাহমুদিয়ানের এক বন্ধু ও ইউরোপে অবস্থানরত ইরানি মানবাধিকারকর্মী হোসেইন রাজ্জাক এ তথ্য জানান। তাঁর অভিযোগ, গ্রেফতারের সময় মাহমুদিয়ানকে মারধর করা হয়েছে। বর্তমানে তিনি তেহরানের বাইরে অবস্থিত গ্রেটার তেহরান কারাগারে বন্দি রয়েছেন।মাহমুদিয়ান ইরানি সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’-এর সহ-চিত্রনাট্যকার। সিনেমাটি অস্কারের জন্য মনোনীত হয়েছিল।মাহমুদিয়ানের ব্যক্তিগত টেলিগ্রাম চ্যানেলে দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার তাঁর বাসায় অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে আটক করেন। বৃহস্পতিবার চ্যানেলটিতে দেওয়া আরেকটি বার্তায় বলা হয়, তাঁর বিরুদ্ধে সরকারবিরোধী ‘প্রচার’ ও ‘মিথ্যা তথ্য ছড়ানোর’ অভিযোগ আনা হয়েছে। সংস্কারপন্থি সংবাদমাধ্যম এমতেদাদও তাঁর গ্রেফতারের খবর প্রকাশ করেছে।হোসেইন রাজ্জাক এপিকে জানান, বুধবার রাত ২টা থেকে ৩টার দিকে মাহমুদিয়ানের সঙ্গে তাঁর সর্বশেষ ফোনে কথা হয়। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর ছড়িয়ে পড়া বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট একটি মৃত্যুদণ্ডের মামলা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছিল। এরপর থেকে মাহমুদিয়ানের ফোনে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজ্জাক বলেন, এক ডজনের বেশি সশস্ত্র নিরাপত্তা কর্মকর্তা মাহমুদিয়ানের বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। এ সময় তাঁর ইলেকট্রনিক ডিভাইসগুলোও নিয়ে যাওয়া হয়।বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড নিয়ে উদ্বেগদীর্ঘদিন ধরে কারাবন্দি বিক্ষোভকারী ও মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের পক্ষে প্রকাশ্যে কথা বলে আসছিলেন মাহমুদিয়ান। গ্রেফতারের এক দিন আগে বুধবার নিজের টেলিগ্রাম চ্যানেলে তিনি সতর্ক করে বলেছিলেন, মাহসা আমিনির মৃত্যুর পরের বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে কারাবন্দি দুই বিক্ষোভকারীর ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে।তবে ওই দিনই মাহমুদিয়ান তাঁর টেলিগ্রাম চ্যানেলে জানান, আইনজীবী ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, ওই দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।নরওয়ের রাজধানী অসলোভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, মাহসা আমিনিকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিক্ষোভের ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে ২০২৬ সালেও দুটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।জাতিসংঘের বিশেষ দূত মাই সাতো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মিলাদ আরমুন ও নাভিদ নাজারানের মৃত্যুদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর আশঙ্কা, ওই দুই ব্যক্তির পরদিন ভোরে মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে।মাহসা আমিনির মৃত্যু ঘিরে বিক্ষোভ২০২২ সালে ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হিজাব যথাযথভাবে না পরার অভিযোগে দেশটির নৈতিকতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। পরে পুলিশি হেফাজতে তাঁর মৃত্যু হয়।এ ঘটনায় দেশজুড়ে কয়েক মাস ধরে বিক্ষোভ চলে। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে শত শত মানুষ নিহত হন এবং হাজার হাজার মানুষকে আটক করা হয়।এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেও গ্রেফতার হয়েছিলেন মাহমুদিয়ান। অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কয়েক দিন আগে তাঁকে আটক করা হয়েছিল।এ ছাড়া আরও ১৬ জনের সঙ্গে একটি বিবৃতিতে স্বাক্ষর করেছিলেন তিনি। ওই বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভ দমনে সরকারের সহিংস অভিযানের নিন্দা জানানো হয়।মানবাধিকার পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, জানুয়ারির বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার অব্যাহত রেখেছে ইরানি কর্তৃপক্ষ। একই সঙ্গে কারাবন্দি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাও বেড়েছে। ইরানের বাইরের মানবাধিকার পর্যবেক্ষকদের হিসাবে, এ পর্যন্ত অন্তত ৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।