বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ তুলে ভারতের সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না।শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।গোলাম পরওয়ার অভিযোগ করেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।জাতীয় ঐক্য প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের আহ্বান জানালেও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার নিজেই ঐক্যের পথে বাধা সৃষ্টি করছে। তাঁর দাবি, গণভোটে ৭০ শতাংশ ভোটারের দেওয়া রায় সংসদীয় আসনের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রত্যাখ্যান করা যায় না। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে সরকারকে গণভোটের রায় মেনে নিতে হবে।শ্রমিকদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, শিল্পমালিকরা প্রায়ই বলে থাকেন, ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে’। তবে শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে। শ্রমিকদের ন্যূনতম অধিকার, দুবেলা খাবার এবং অসুস্থতার সময় চিকিৎসার নিশ্চয়তা দিতে পারে না—এমন শ্রমনীতি গ্রহণযোগ্য হতে পারে না। শ্রমিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ন্যায়-ইনসাফভিত্তিক ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।চট্টগ্রাম বন্দর নিয়ে উদ্বেগ প্রকাশ করে গোলাম পরওয়ার বলেন, বন্দরকে কেন্দ্র করে বহুমুখী ষড়যন্ত্র চলছে। সরকারের দায়িত্বশীল পদে থাকা কয়েকজনের বিরুদ্ধে এসব ষড়যন্ত্রে সম্পৃক্ত থাকার অভিযোগও করেন তিনি। দেশের স্বার্থ উপেক্ষা করে বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা।দেশের জাতীয় সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার সক্ষমতা অর্জনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।