প্রথমবারের মতো রাজশাহীতে তাফসির মাহফিলে বক্তব্য দিতে আসছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তাঁকে ঘিরে আয়োজিত এ মাহফিলে ১০ লাখের বেশি মানুষের সমাগম হতে পারে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে প্রস্তুত রাখা হয়েছে ২৫ হাজার স্বেচ্ছাসেবক।আয়োজক সূত্রে জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টা থেকে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সভাপতিত্ব করবেন চিকিৎসক ও সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর।মাওলানা মিজানুর রহমান আজহারীর প্রথমবারের মতো রাজশাহীতে তাফসির মাহফিলে অংশগ্রহণের খবরে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। রাজশাহী ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকরা।এত বড় জনসমাগম নির্বিঘ্নে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসমাগম নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষা, অংশগ্রহণকারীদের সহযোগিতা এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালনে ২৫ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে এমাজ উদ্দিন মণ্ডল জানিয়েছেন, মাহফিল সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।নারী অংশগ্রহণকারীদের সুবিধার কথা বিবেচনা করে মাদ্রাসা মাঠের পাশে হযরত শাহ মখদুম (রহ.) ঈদগাহ মাঠে পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে নারীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।আয়োজকদের আশা, ব্যাপক মানুষের অংশগ্রহণে রাজশাহীর এ তাফসির মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হবে।