বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শেখ হাসিনাকে ব্যবহার করে ভারত বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাঁর মন্ত্রিসভা থেকে অব্যাহতি এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব কথা বলেন।পোস্টে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং বাংলাদেশ দখলের হুমকি দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত করেছেন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে নিয়ে এমন বক্তব্য দেশের ১৮ কোটি মানুষের আত্মমর্যাদার প্রতি চরম অবমাননা।নাহিদ ইসলাম বলেন, এ বক্তব্যের জন্য অর্জুন সিংকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দিতে হবে। পাশাপাশি তাঁকে বক্তব্য প্রত্যাহার করে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, দায়িত্বশীল পদে থেকে এমন অবমাননাকর বক্তব্য দেওয়ার ৪৮ ঘণ্টা পার হলেও ভারত সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দিল্লির এই নীরবতা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারত সরকারের শ্রদ্ধাবোধ নিয়ে সন্দেহ আরও বাড়িয়েছে।একই সঙ্গে বাংলাদেশের সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এমন সার্বভৌমত্ববিরোধী বক্তব্যের পরও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কূটনৈতিক উদ্যোগ দেখা যায়নি। সরকারের এই নির্লিপ্ততা স্বাধীন, মর্যাদাপূর্ণ ও শক্তিশালী পররাষ্ট্রনীতির জন্য লজ্জাজনক।পোস্টে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের সাহস ও সংগ্রামের ইতিহাস অর্জুন সিংদের অজানা। বিগত ফ্যাসিবাদী শাসনামলে শেখ হাসিনাকে ব্যবহার করে ভারত বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল এবং একতরফাভাবে নানা সুবিধা ভোগ করেছে। তবে সেই পরিস্থিতি আর ফিরে আসবে না।নাহিদ ইসলামের ভাষ্য, দেশের ন্যায্য অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।ভারতের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বকে খাটো করে কিংবা প্রক্সি শক্তির মাধ্যমে দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তা ভারতের অখণ্ডতার জন্যও ঝুঁকি তৈরি করতে পারে। বাংলাদেশের জনগণ দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত।