যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি খোঁড়ার সময় বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে বেজপাড়ার বেহারী কলোনিতে বাদলের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।আহতরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)।পুলিশ ও স্থানীয় শ্রমিকদের বরাতে জানা যায়, সকালে বাদলের বাড়ির পেছনে স্তূপ করে রাখা মাটি খোঁড়ার কাজ করছিলেন ওই দুই শ্রমিক। একপর্যায়ে কোদালের আঘাত মাটির নিচে থাকা একটি বোমায় লাগলে বিস্ফোরণ ঘটে। এতে তাঁরা দুজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহতদের একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপরজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরিত বোমার বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অনেক আগে কেউ বোমাগুলো মাটির নিচে পুঁতে রেখেছিল। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।এদিকে, গত কয়েক দিন ধরে যশোর শহর ও শহরতলির বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে মাটি খোঁড়ার সময় বোমা বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।