উৎপাদন থেকে বিপণন পর্যন্ত ডিজিটাল সংযোগ গড়ে তোলার পরিকল্পনা | অর্থায়নে বিশ্বব্যাংকের ১০০ মিলিয়ন ডলারের প্রস্তাবদেশের কৃষি খাতকে প্রচলিত উৎপাদননির্ভর ব্যবস্থা থেকে উদ্যোক্তা ও বাজারমুখী ব্যবস্থায় রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রায় ১৪ হাজার কোটি টাকার ‘বাংলাদেশ এগ্রি এন্টারপ্রেনারশিপ প্রজেক্ট’ (বিএপি) নামে একটি প্রকল্প গ্রহণের প্রাথমিক পরিকল্পনা করা হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সংযোগ স্থাপন, কৃষিসেবা ডিজিটালাইজেশন এবং উৎপাদন থেকে বিপণন পর্যন্ত সরবরাহব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।প্রস্তাবিত প্রকল্পে বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ কোটি মার্কিন ডলার অর্থায়নের প্রস্তাব রয়েছে। তবে প্রকল্পের অর্থায়ন, ব্যয়ের খাত ও সুনির্দিষ্ট কার্যক্রম এখনো চূড়ান্ত হয়নি। সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে প্রকল্পের আকার ও কর্মপরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের শস্য, প্রাণিসম্পদ, মৎস্য ও বনজ সম্পদসহ সামগ্রিক কৃষি খাতের অবদান মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১১ থেকে সাড়ে ১১ শতাংশ। দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪৫ শতাংশ এ খাতের সঙ্গে যুক্ত। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকা নির্বাহেও কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।প্রস্তাবিত প্রকল্পের আওতায় কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতকে একটি অভিন্ন কাঠামোর মধ্যে এনে উৎপাদনশীল অংশীদারিত্ব গড়ে তোলা হবে। পাশাপাশি সরকারি কৃষিসেবা প্রদানে ডিজিটাল অবকাঠামো তৈরি এবং কৃষিপণ্যের উৎস ও সরবরাহব্যবস্থা শনাক্তকরণের (ট্রেসেবিলিটি) ওপর গুরুত্ব দেওয়া হবে।প্রকল্পের প্রধান ফোকাল পয়েন্ট সাখাওয়াত হোসেন শরীফ জানিয়েছেন, প্রকল্পের অর্থায়ন, ব্যয়ের খাত ও সুনির্দিষ্ট কার্যক্রম এখনো চূড়ান্ত হয়নি। বর্তমানে এ বিষয়ে একটি কারিগরি নোট তৈরির কাজ চলছে। বিশ্বব্যাংক ও সরকারের আলোচনার ভিত্তিতে প্রকল্পের আকার ও কর্মপরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, প্রস্তাবিত উদ্যোগটি বিশ্বব্যাংকের সহায়তায় ২০২৩ সালের জুলাইয়ে শুরু হওয়া ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন’ (পার্টনার) কর্মসূচির ধারাবাহিকতা। আগের কর্মসূচির অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৃষিকে আরও উৎপাদনশীল, বাজারমুখী ও জলবায়ু-সহনশীল করে গড়ে তোলার লক্ষ্য রয়েছে নতুন প্রকল্পে।সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, প্রকল্পের প্রথম পর্যায়ে চারটি প্রধান উপাদান রাখার পরিকল্পনা করা হয়েছে। মাঠপর্যায়ের চাহিদা, সরকারের অগ্রাধিকার এবং নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির আলোকে এসব উপাদানের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে। এ জন্য একটি প্রস্তুতিমূলক দলও গঠন করা হয়েছে।প্রথম উপাদান ‘উৎপাদনশীল অংশীদারিত্ব’ বাস্তবায়নে ২২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এর আওতায় কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সংযোগ জোরদার করে উৎপাদন ও বিপণনব্যবস্থা শক্তিশালী করা হবে।দ্বিতীয় উপাদানে কৃষি খাতে সরকারি সহায়তা ও সেবা আরও কার্যকর করতে ডিজিটাল পাবলিক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ খাতে প্রস্তাবিত ব্যয় ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।তৃতীয় উপাদানে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষিপণ্যের উৎস শনাক্তকরণ ব্যবস্থা শক্তিশালী করতে ৩ কোটি মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব রয়েছে। চতুর্থ উপাদানে প্রকল্প ব্যবস্থাপনা, অভিজ্ঞতা বিনিময় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারে ২ কোটি মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে।প্রথম পর্যায়ের চারটি উপাদানে প্রস্তাবিত মোট ব্যয় ৩৫ কোটি মার্কিন ডলার। এ ছাড়া দ্বিতীয় পর্যায়ে আরও ৩০ কোটি এবং তৃতীয় পর্যায়ে ২৫ কোটি মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে।প্রকল্পটি বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তর যুক্ত থাকবে। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে প্রধান বাস্তবায়নকারী সংস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে।সংশ্লিষ্ট অংশীজনদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষক ও কৃষিভিত্তিক উদ্যোক্তাদের মধ্যে সমন্বিত উদ্যোগের সুযোগ বাড়বে। একই সঙ্গে কৃষিপণ্যের উৎপাদন, সংরক্ষণ, সরবরাহ ও বাজারজাতকরণে কার্যকারিতা বাড়ার পাশাপাশি কৃষিসেবায় প্রযুক্তির ব্যবহার সম্প্রসারিত হতে পারে।