পাটুরিয়া থেকে ওয়াই আকৃতির সেতুর প্রস্তাব; ঢাকা-পাবনা যাত্রা আড়াই ঘণ্টায় নামার সম্ভাবনাপাবনার সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা এবং অভ্যন্তরীণ যানজট নিরসনে বড় অবকাঠামোগত পরিবর্তনের পরিকল্পনা সামনে এসেছে। পদ্মা নদীর ওপর পাটুরিয়া-গোয়ালন্দ-পাবনা সংযোগে ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাবনা যাচাইয়ের পাশাপাশি পাবনা শহরের গুরুত্বপূর্ণ তিনটি সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে পাবনার যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে।বর্তমানে ঢাকা থেকে পাবনায় যেতে যমুনা সেতু হয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। যানজট ও সেতুকেন্দ্রিক চাপের কারণে অনেক সময় পাঁচ থেকে সাত ঘণ্টা পর্যন্ত সময় লাগে। প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে ঢাকা-পাবনা যাত্রার সময় কমে দুই থেকে আড়াই ঘণ্টায় নেমে আসতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, মানিকগঞ্জের পাটুরিয়া থেকে পদ্মা নদীর মাঝপথে একটি সংযোগস্থল তৈরি করে সেতুর একটি শাখা রাজবাড়ীর গোয়ালন্দ এবং অপর শাখা পাবনার কাজীরহাট বা নগরবাড়ী প্রান্তে যুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে সেতুর নকশা, অবস্থান ও নির্মাণব্যয় এখনো চূড়ান্ত হয়নি।সম্ভাব্যতা যাচাইয়ে গুরুত্বসরকারের সড়ক যোগাযোগ উন্নয়ন পরিকল্পনায় দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া করিডরে সেতু নির্মাণের বিষয়টি নির্বাচনী ইশতেহারেও অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যানেও এ করিডর বিবেচনায় নেওয়া হয়েছে।২০২৬-২৭ অর্থবছরে সম্ভাব্যতা সমীক্ষার জন্য ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে সেতু নির্মাণের চূড়ান্ত প্রকল্প ব্যয় ও অর্থায়নের উৎস এখনো নির্ধারিত হয়নি।সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া করিডরে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়টি সরকারের উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব পেয়েছে। এ ধরনের বড় অবকাঠামো নির্মাণের আগে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা প্রয়োজন।তিনি জানান, নদীর গতিপ্রকৃতি, পানিপ্রবাহ, নাব্যতা, নদীশাসন, সেতুর নকশা, নির্মাণব্যয় ও অর্থনৈতিক উপযোগিতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ওয়াই আকৃতির সেতুর প্রস্তাবটিও কারিগরি ও অর্থনৈতিক দিক থেকে মূল্যায়ন করতে হবে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতেই সেতুর অবস্থান, নকশা ও বাস্তবায়ন পরিকল্পনা নির্ধারণ করা সম্ভব হবে।পাবনা শহরের তিন সড়ক চার লেনের প্রস্তাবদ্বিতীয় পদ্মা সেতুর পাশাপাশি পাবনা শহরের অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নে প্রায় সাত কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব সামনে এসেছে। পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগে তিন ধাপে এ পরিকল্পনা নেওয়া হয়েছে।প্রথম ধাপে চকছাতিয়ানী মসজিদ থেকে চকছাতিয়ানী কবরস্থান হয়ে বালিয়াহালট মডেল মসজিদের সামনে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব রয়েছে।দ্বিতীয় ধাপে চাঁদমারী মোড় থেকে পৈলানপুর মোড় হয়ে পাওয়ার হাউস মোড় পর্যন্ত সড়ক প্রশস্ত করা হবে। তৃতীয় ধাপে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মুজাহিদ ক্লাব, অনন্ত সিনেমা হল ও আব্দুল হামিদ রোড হয়ে গাছপাড়া মোড় পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, যোগাযোগ অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে পাবনাবাসী দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন। ঢাকা থেকে পাবনায় আসতে যমুনা সেতু ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এতে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হয়।তিনি বলেন, পদ্মা নদীর ওপর দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে পাবনার সঙ্গে রাজধানীর সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠা করতে চাই। পাটুরিয়া থেকে ওয়াই আকৃতির সেতুর একটি শাখা গোয়ালন্দ এবং অন্যটি পাবনার কাজীরহাট বা নগরবাড়ীর সঙ্গে যুক্ত করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ তিনটি সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে পাবনার যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।অর্থনীতি ও বাণিজ্যে নতুন সম্ভাবনাপাবনা কৃষি, শিল্প ও বাণিজ্যের দিক থেকে উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা। ঈশ্বরদী ইপিজেড, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, চিনিকল এবং বিভিন্ন কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানকে ঘিরে জেলায় প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে।ঈশ্বরদী, সুজানগর, সাঁথিয়া, বেড়া, চাটমোহর ও ভাঙ্গুড়া থেকে উৎপাদিত কৃষিপণ্য ও শিল্পপণ্য পরিবহনে উন্নত সড়ক যোগাযোগের প্রয়োজন রয়েছে। দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে পাবনার সঙ্গে মানিকগঞ্জ ও রাজবাড়ীর সরাসরি যোগাযোগের সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে পণ্য পরিবহনেও নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।বিশেষ করে কৃষিপণ্য, মাছ, দুগ্ধজাত পণ্য ও শিল্পকারখানার উৎপাদিত পণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হলে পরিবহন ব্যয় ও সময় কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটতে পারে। এতে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির সুযোগও তৈরি হবে।পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (পিসিসিআই) সভাপতি মো. ফোরকান রেজা বিশ্বাস বাদশা বলেন, পাবনা কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের দিক থেকে অত্যন্ত সম্ভাবনাময় একটি জেলা। কিন্তু যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে পণ্য পরিবহনে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হয়।তিনি বলেন, দ্বিতীয় পদ্মা সেতু এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক চার লেনে উন্নীত করা হলে ব্যবসায়ীরা উপকৃত হবেন। পণ্য পরিবহনের সময় কমবে, নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার সুযোগ তৈরি হবে এবং স্থানীয় কর্মসংস্থান বাড়বে। প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।বাস্তবায়নই বড় চ্যালেঞ্জসংশ্লিষ্টদের মতে, দ্বিতীয় পদ্মা সেতু ও পাবনা শহরের সড়ক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে শুধু পাবনা নয়, মানিকগঞ্জ, রাজবাড়ী, নাটোর ও সিরাজগঞ্জসহ আশপাশের জেলার যোগাযোগব্যবস্থাতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। রাজধানীর সঙ্গে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে অর্থনৈতিক সংযোগ আরও শক্তিশালী হবে।তবে সম্ভাব্যতা সমীক্ষা, প্রকল্পের চূড়ান্ত নকশা, অর্থায়ন নিশ্চিত করা, জমি অধিগ্রহণ এবং নদীশাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেতু নির্মাণের সময়সীমা কিংবা ব্যয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। পরিকল্পনাগুলো বাস্তবে রূপ দিতে স্বচ্ছতা, যথাযথ অর্থায়ন ও নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করাই হবে প্রধান চ্যালেঞ্জ।