দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার পাওয়ার পথ সহজ করতে প্যারালিগ্যাল সেবা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় ও বিশেষায়িত সনদ কোর্স চালু করতে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।রোববার (২৯ নভেম্বর) সকালে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, প্যারালিগ্যাল সেবা দরিদ্র ও প্রান্তিক মানুষের ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে দেশের মানুষ এমন একটি ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন, যেখানে তাঁরা উপলব্ধি করবেন—যেকোনো পরিস্থিতিতে তাঁরা অসহায় নন এবং আইনি প্রতিকার থেকে বঞ্চিত হবেন না। এ লক্ষ্য অর্জনে প্যারালিগ্যাল কর্মীদের প্রশিক্ষণ ও সনদ প্রদানের উদ্যোগ সহায়ক হবে।আইনজীবীদের প্রশিক্ষণে ৫০ কোটি টাকা বরাদ্দআইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নের বিষয়েও সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি জানান, দেশে প্রায় ৮০ হাজার আইনজীবী থাকলেও তাঁদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সুযোগ এতদিন পর্যাপ্ত ছিল না। এ পরিস্থিতি বিবেচনায় চলতি অর্থবছরে প্রথমবারের মতো আইনজীবীদের প্রশিক্ষণের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।বাংলাদেশি বংশোদ্ভূত একটি ব্রিটিশ বিশেষজ্ঞ দলের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে শিগগিরই এর উদ্বোধন করা হবে বলে জানান তিনি।অ্যাটর্নি জেনারেল থাকাকালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় তাঁর কার্যালয়ে স্বচ্ছ ও যোগ্যতাভিত্তিক ইন্টার্নশিপ কর্মসূচি চালুর অভিজ্ঞতাও তুলে ধরেন মন্ত্রী। তাঁর মতে, এ ধরনের উদ্যোগ তরুণ আইনজীবীদের দক্ষতা বিকাশে সহায়তা করে। আইনজীবীদের সহকারীদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের অভাব পূরণেও প্যারালিগ্যাল কর্মীদের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মধ্যস্থতায় বিরোধ নিষ্পত্তি বেড়েছেসরকারি আইনগত সহায়তা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে আইনমন্ত্রী জানান, মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে মানুষের আগ্রহ ও আস্থা বাড়ছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মধ্যস্থতার আবেদন ছিল ৩৫ হাজার ৫৯৬টি। ২০২৬ সালের একই সময়ে তা ১৬৭ দশমিক ৭৬ শতাংশ বেড়ে ৯৫ হাজার ৩১২টিতে দাঁড়িয়েছে।একই সময়ে বিরোধ নিষ্পত্তির সংখ্যা ২৯ হাজার ৮৩৭ থেকে বেড়ে ৭৩ হাজার ৪৫৯টিতে পৌঁছেছে, যা ১৪৬ দশমিক ২০ শতাংশ বেশি। আর মধ্যস্থতা চুক্তির সংখ্যা ৯ হাজার ৯১৫ থেকে বেড়ে হয়েছে ২০ হাজার ৬৮৭টি—বৃদ্ধির হার ১০৮ দশমিক ৬৪ শতাংশ।মন্ত্রী বলেন, মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ নিয়ে কোনো কোনো জেলার কিছু আইনজীবীর আপত্তি থাকলেও আলোচনার মাধ্যমে তাঁদের অধিকাংশকে বোঝানো সম্ভব হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।চালু হবে দুটি সনদ কোর্সসমঝোতা স্মারকের আওতায় প্যারালিগ্যাল কর্মীদের দক্ষতা ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতির জন্য অভিন্ন জাতীয় মানদণ্ড তৈরি করা হবে। এ লক্ষ্যে দুটি পৃথক প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হয়েছে।প্রথমটি জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর সহযোগিতায় বাংলাদেশে আশ্রিত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (এফডিএমএন) আইনগত সহায়তার জন্য বিশেষায়িত প্যারালিগ্যাল সনদ কোর্স। দ্বিতীয়টি জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের সহায়তায় দেশের সর্বস্তরের জনগোষ্ঠীর জন্য জাতীয় প্যারালিগ্যাল যোগ্যতা সনদ কোর্স।উভয় কোর্সের পাঠ্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক তত্ত্বাবধানে তৈরি হবে। প্রশিক্ষণ শেষে সফল অংশগ্রহণকারীদের বিশ্ববিদ্যালয় থেকে সনদ দেওয়া হবে। দীর্ঘমেয়াদে একটি সমন্বিত ‘প্যারালিগ্যাল কাউন্সিল’ গঠনের বিষয়টিও সমঝোতা স্মারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।সমঝোতা স্মারকে স্বাক্ষরনিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ একরামুল হক এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. মঞ্জুরুল হোসেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইজেন এবং জিআইজেডের ‘অ্যাকসেস টু জাস্টিস ফর উইমেন’ প্রকল্পের জ্যেষ্ঠ উপদেষ্টা সৈয়দ জিয়াউল হাসান। বক্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের ফলে দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও আশ্রিত রোহিঙ্গাদের আইনগত সহায়তা পাওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হবে।