মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলের শেষ দুই বছর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আরও অস্থির হয়ে উঠতে পারে। ক্ষমতা ছাড়ার আগে ট্রাম্প নীরবে রাজনৈতিক মঞ্চ থেকে সরে দাঁড়াবেন না; বরং নির্বাহী ক্ষমতা প্রয়োগ, আইনি লড়াই এবং উচ্চাভিলাষী অবকাঠামো প্রকল্পের মাধ্যমে নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করতে পারেন। এমন আশঙ্কা প্রকাশ করেছে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট।সাময়িকীটির ‘দ্য ওয়ার্ল্ড অ্যাহেড ২০২৭’ বিশেষ সংখ্যায় প্রকাশিত ‘দ্য ট্রাম্প সাগাস ফাইনাল চ্যাপ্টার’ শীর্ষক বিশ্লেষণে বলা হয়েছে, ২০২৭ সাল থেকে ট্রাম্পের উত্তরসূরি নির্বাচনের রাজনৈতিক প্রতিযোগিতা জোরালো হতে পারে। একই সঙ্গে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘ট্রাম্প-পরবর্তী’ রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থান নিয়ে আগ্রহ বাড়বে।বিশ্লেষণে ট্রাম্পের সম্ভাব্য শেষ সময়ের রাজনৈতিক ভূমিকাকে ধ্বংসাত্মক ‘অ্যাংরি বার্ড’-এর সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ, রাজনৈতিক প্রতিরোধের মুখে তিনি নিষ্ক্রিয় না হয়ে আরও আক্রমণাত্মক অবস্থান নিতে পারেন।প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ায় ট্রাম্পকে মেয়াদের শেষ দুই বছর বিভক্ত সরকারের মুখোমুখি হতে হবে। এতে হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে নীতিনির্ধারণ, বাজেট এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে সংঘাত বাড়তে পারে।এ পরিস্থিতিতে কংগ্রেসের বিরোধিতা মোকাবিলায় ট্রাম্প নির্বাহী আদেশের ব্যবহার বাড়াতে পারেন। পাশাপাশি বিভিন্ন সিদ্ধান্তের বৈধতা নিয়ে আইনি লড়াই এবং বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখার চেষ্টা করতে পারেন বলে মনে করছে সাময়িকীটি।বাজেট বিরোধে চাপে পড়তে পারে মার্কিন শহরহোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে বাজেট নিয়ে বিরোধের প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের স্থানীয় সরকারগুলোর ওপরও। বিশেষ করে পরিবহন, আবাসন ও দুর্যোগ মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের অর্থায়নের ওপর নির্ভরশীল শহরগুলো বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ফেডারেল তহবিল নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে এসব শহরের উন্নয়ন ও অবকাঠামো পরিকল্পনা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।আন্তর্জাতিক সম্পর্কেও বাড়ছে অনিশ্চয়তাট্রাম্প প্রশাসনের নীতির প্রভাব যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কেও পড়ছে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। ইরান যুদ্ধের অভিঘাতে মধ্যপ্রাচ্যের জোট রাজনীতিতে পরিবর্তন আসছে। একই সঙ্গে জ্বালানি সরবরাহের সমীকরণ বদলে যাওয়ার পাশাপাশি সার ও খাদ্যনিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।দ্য ইকোনমিস্টের মূল্যায়নে, যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোর আস্থা দুর্বল হয়েছে। অন্যদিকে প্রতিপক্ষ দেশগুলোর মধ্যেও যুক্তরাষ্ট্রকে ঘিরে আগের মতো ভয় বা সমীহ কাজ করছে না।সব মিলিয়ে, ট্রাম্পের মেয়াদের শেষ পর্যায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাত এবং বৈশ্বিক কূটনৈতিক অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলতে পারে। ফলে শুধু ট্রাম্পের উত্তরসূরি কে হবেন, তা-ই নয়; তাঁর বিদায়ের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও বিশ্বরাজনীতিতে ওয়াশিংটনের ভূমিকা কী দাঁড়াবে, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠছে।