লক্ষ্মীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে বাসার প্রধান ফটকে তালা ও বালুর বস্তা ফেলে একই পরিবারের ১৩ সদস্যকে প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় ওই ভবনের নিচতলায় থাকা মার্কেটের সব দোকানেও তালা লাগিয়ে দেওয়া হয়। পরে পুলিশের হস্তক্ষেপে রোববার (২৯ নভেম্বর) দুপুরে অবরুদ্ধ অবস্থায় থাকা পরিবারের সদস্যদের উদ্ধার করা হয়।ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নতুন মহিলা কলেজ এলাকার একটি ভবনে। অবরুদ্ধদের মধ্যে ছিলেন ৯ জন নারী, তিনটি শিশু ও একজন বৃদ্ধ।ভুক্তভোগী পরিবারের সদস্য আশরাফুল ইসলাম আবির এ ঘটনায় লক্ষ্মীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বাঞ্চানগর এলাকার জামাল হোসেন, তারেক হোসেন, রুবেল হোসেন, তোফায়েল আহমেদ ও মো. মোহনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, ৪৮ শতাংশ জমির ওপর ভবন নির্মাণ করে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছে ভুক্তভোগী পরিবার। অভিযুক্তরা ওই ভবনটি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।পরিবারের অভিযোগ, গত শনিবার (২৮ নভেম্বর) দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অভিযুক্তরা ভবনটিতে গিয়ে রহিমা বেগমসহ পরিবারের সদস্যদের কাছে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রাতে ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। একই সঙ্গে মার্কেটের প্রতিটি দোকানে তালা এবং ভবনের প্রবেশপথ ও মার্কেটের সামনে বালুর বস্তা ফেলে পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয়।অবরুদ্ধ অবস্থায় থাকা রহিমা বেগম ও মুন্নীসহ পরিবারের কয়েকজন সদস্য জানান, জামাল, তারেক, রুবেল ও তোফায়েলসহ ১৫ থেকে ২০ জন ব্যক্তি এসে বাসার গেট ও দোকানগুলোতে তালা লাগিয়ে দেন। পরে বালুর বস্তা ফেলে চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়। এ সময় তাঁদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তাঁরা।তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পরিবারের এক সদস্য। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, তাঁদের বাবার সম্পত্তি রহিমা বেগমরা দখল করে রেখেছেন। ওই জমির বিষয়ে তাঁদের কাছে কোনো কাগজপত্র নেই বলে দাবি করেন তিনি। একই সঙ্গে চাঁদা দাবির অভিযোগকে মিথ্যা বলে উল্লেখ করেন।লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের ডেকে তালা খুলে দেয়। পরে অবরুদ্ধ পরিবারের সদস্যদের উদ্ধার করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের জমিসংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।