নিজস্ব প্রতিবেদক, বরিশালরাজনৈতিক দলগুলোর দলান্ধ সিদ্ধান্ত ও দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার প্রবণতায় দেশ ক্রমেই সংকটের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর কাছে দেশের স্বার্থের চেয়ে দলীয় স্বার্থই মুখ্য হয়ে উঠেছে। এর নেতিবাচক প্রভাব দেশের রাজনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় পড়ছে।রোববার (২৯ নভেম্বর) দুপুরে বরিশালের চরমোনাইয়ে মাহফিলের দ্বিতীয় দিনে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পীর সাহেব চরমোনাই বলেন, সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে দলীয় স্বার্থই মুখ্য। দেশের স্বার্থ তাদের কাছে বরাবরই উপেক্ষিত থেকেছে। রাজনৈতিক দলগুলোর দলান্ধ সিদ্ধান্তের কারণে জুলাই-পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কার ও বিচার নিশ্চিত করা সম্ভব হয়নি। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী ঐক্যও ভেঙে পড়েছে।তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক ঐক্যের আলোচনাতেও দলগুলো নিজেদের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। আর এই সুযোগ কাজে লাগাচ্ছে পতিত শক্তি। দেশকে অরাজকতা থেকে রক্ষা করতে হলে দলীয় সংকীর্ণতা পরিহার করে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।বিএনপির প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান দাবি ছিল রাষ্ট্র সংস্কার এবং পতিত ফ্যাসিবাদের বিচার। কিন্তু সংস্কার প্রশ্নে বিএনপির অবস্থান হতাশাজনক এবং বিচারপ্রক্রিয়াও গতিহীন হয়ে পড়েছে। জুলাইয়ের ঐক্য ধরে রাখতে হলে সংস্কার ও বিচারের বিষয়ে আরও মনোযোগী হতে হবে।বিরোধী দলগুলোর উদ্দেশে তিনি বলেন, নিজস্ব জোটের অভ্যন্তরীণ রাজনীতি যদি ফ্যাসিবাদের ফিরে আসার পথ সুগম করে, তাহলে সংশ্লিষ্ট দলগুলো এর দায় এড়াতে পারবে না।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে পীর সাহেব চরমোনাই বলেন, সহিংসতা ও সন্ত্রাস ছিল দলটির পতনের অন্যতম কারণ। পতনের পরও একই ধরনের সহিংসতা ও সন্ত্রাসের মাধ্যমে রাজনীতিতে ফিরে আসার চেষ্টা তাদের জন্য বুমেরাং হবে। তিনি দলটিকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শেখ হাসিনাসহ যারা অপরাধ করেছেন, তাদের আইনের কাছে আত্মসমর্পণ এবং পাচার করা অর্থ ফেরত দেওয়ার দাবি জানান তিনি।সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলোয়ার হোসাইন সাকী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা নুরুল করীম আকরাম, মাওলানা আরিফুল ইসলাম ও উপাধ্যক্ষ সিরাজুল ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।