ঈদে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় রাসিকের বিশেষ উদ্যোগ, মিলছে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডারপবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রথমবারের মতো মহানগরবাসীর মধ্যে বিনামূল্যে প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।বৃহস্পতিবার নগরীর দরগাপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনের সময় তিনি স্থানীয় কয়েকজন বাসিন্দার হাতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার তুলে দেন। পরে দরগাপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের মাঝেও এসব সামগ্রী বিতরণ করা হয়।রাসিক সূত্র জানায়, এ উদ্যোগের আওতায় রাজশাহী মহানগরীর প্রায় ৮২ হাজার হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারকে কোরবানির মাংস সংরক্ষণের জন্য তিনটি করে পরিবেশবান্ধব ব্যাগ দেওয়া হচ্ছে। এছাড়া গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য দুটি বড় পরিবেশবান্ধব ব্যাগ ও এক কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য একটি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার বিতরণ করা হবে।উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের মাধ্যমে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, পরিবেশবান্ধব এসব ব্যাগ সহজে পচনশীল হওয়ায় মাটির সঙ্গে মিশে যাবে এবং ভবিষ্যতে রাজশাহীকে পলিথিনমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী কোরবানির ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যেই সব বর্জ্য অপসারণে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নাগরিকদের সহযোগিতা পেলে ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী নিশ্চিত করা সম্ভব হবে।নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলে রাসিকের সরবরাহ করা ব্যাগে ভরে নির্ধারিত স্থানে রাখতে হবে। একই সঙ্গে ড্রেনের ওপর পশু জবাই এবং ড্রেনে রক্ত ও বর্জ্য ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। বর্জ্য অপসারণের পর পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং পাউডার ব্যবহারের পরামর্শও দেন রাসিক প্রশাসক।এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি-এর সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন এবং সদস্য সচিব এমদাদুল হক লেমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।