সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন; আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু
এইচএম মোকাদ্দেস, নির্বাহী সম্পাদক||
প্রকাশিত: ১ জুন ২০২৬, সকাল ৯:২৫ সময়
রামিসা হত্যা মামলার বিচার শুরু, আগামীকাল সাক্ষ্যগ্রহণঢাকা, ১ জুন: বহুল আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। একই সঙ্গে আগামীকাল মঙ্গলবার (২ জুন) সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল রহমান দুলু আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগপত্র পাঠ করে শোনান। এর আগে সকাল পৌনে ৮টার দিকে প্রিজনভ্যানে করে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়।মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে রামিসা বাসা থেকে বের হলে সোহেল রানা কৌশলে তাকে ভবনের তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে যায়। পরে স্কুলে যাওয়ার জন্য মেয়েকে খুঁজতে গিয়ে তার মা আসামিদের কক্ষের সামনে রামিসার জুতা দেখতে পান। ডাকাডাকিতে কোনো সাড়া না পেয়ে ভবনের অন্য বাসিন্দাদের সহায়তায় কক্ষে প্রবেশ করলে রামিসার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে স্বপ্না আক্তার উপস্থিত ছিলেন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।ঘটনার দিনই রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আসামি করে মামলা দায়ের করেন। প্রথমে স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে আটক করে পুলিশ।পরদিন ২০ মে সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই দিন স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।এদিকে আলোচিত এ মামলার বিচারকাজ দ্রুত সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন রামিসার স্বজনরা।