শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা এবং ঘটনার নেপথ্যের কারণ উদ্ঘাটনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়। পরে শাহবাগ মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ওসমান হাদি, বাংলাদেশের আজাদী’সহ বিভিন্ন স্লোগান দেন।এর আগে বুধবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, হত্যাকাণ্ডের তদন্তে বারবার বিলম্ব হচ্ছে এবং এখনো দোষীদের বিচারের আওতায় আনতে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না।তিনি বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও নেপথ্যের ঘটনা উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তার দাবি, বিষয়টিকে কেবল রাজনৈতিক বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা উচিত।সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর সীমান্ত ব্যবস্থাপনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হলে অভিযুক্তদের পালিয়ে যাওয়ার সুযোগ কমে আসত। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দ্রুত অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের নির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশের আহ্বান জানানো হয়। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবিও পুনর্ব্যক্ত করেন সংগঠনটির নেতারা।তবে সংগঠনের পক্ষ থেকে হত্যাকাণ্ডে দেশি-বিদেশি কোনো পক্ষের সম্পৃক্ততার যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।