বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসির মুখোমুখি হওয়া যেকোনো গোলরক্ষকের জন্যই বড় এক চ্যালেঞ্জ। আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেই চ্যালেঞ্জের কথাই তুলে ধরলেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাজার। একই সঙ্গে জানালেন, ব্যক্তিগতভাবে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত হলেও মেসির অসাধারণ কৃতিত্ব ও প্রভাবের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে।বিশ্বকাপের ‘জে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার ডালাসে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। ম্যাচটি আর্জেন্টিনার জন্য নকআউট পর্ব নিশ্চিত করার সুযোগ, আর মেসির সামনে রয়েছে নতুন ইতিহাস গড়ার হাতছানি।প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে নাম লিখিয়েছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোল করতে পারলেই তিনি এককভাবে রেকর্ডের শীর্ষে উঠে যাবেন।এমন ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শ্লাজার বলেন, “সত্যি বলতে আমি ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত। তবে মেসি এমন একজন খেলোয়াড়, যিনি দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছেন। তাকে নিয়ে নেতিবাচক কিছু বলা কঠিন।”দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে অস্ট্রিয়াও আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে দলটি। তবে আর্জেন্টিনার বিপক্ষে লড়াই যে অনেক বেশি কঠিন হবে, সেটি স্বীকার করেছেন ৩০ বছর বয়সী এই গোলরক্ষক।মেসির প্রভাব সম্পর্কে শ্লাজার বলেন, “মাঠে তার উপস্থিতি অসাধারণ। তিনি শুধু নিজের খেলায় নয়, পুরো দলের মধ্যে আলাদা এক শক্তি ও আত্মবিশ্বাস ছড়িয়ে দেন। তার উপস্থিতি প্রতিপক্ষের ওপরও মানসিক চাপ তৈরি করে।”আর্জেন্টিনা অধিনায়কের প্রশংসা করলেও তাকে থামানোর জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে জানিয়েছেন শ্লাজার। তার ভাষায়, “এ ধরনের খেলোয়াড়ের বিপক্ষে খেলতে পারাটা বিশেষ অভিজ্ঞতা। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”এখন দেখার বিষয়, অস্ট্রিয়ার রক্ষণভাগের বাধা পেরিয়ে মেসি কি না বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে নিজের নাম লিখিয়ে নিতে পারেন।