বিশ্বকাপে ইতিহাস গড়ে মেসি, আর্জেন্টিনার লিড নিয়ে বিরতিতে যাত্রা
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ২২ জুন ২০২৬, বিকাল ৭:১৯ সময়
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ইতিহাস গড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তার রেকর্ডগড়া গোলে বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।সোমবার ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ৮ মিনিটেই লাউতারো মার্টিনেজকে বক্সের ভেতরে ফাউল করলে ভিএআর পর্যালোচনা শেষে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক নিতে আসেন মেসি, তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হলে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় আলবিসেলেস্তেদের।এই পেনাল্টি মিসের মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড নিজের করে নেন মেসি। এর আগে ঘানার আসামোয়া জিয়ানের সঙ্গে যৌথভাবে দুটি পেনাল্টি মিসের রেকর্ড ছিল তার।৩৩তম মিনিটে গোলের আরেকটি সুবর্ণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারের ভুল ক্লিয়ারেন্স মেসির পায়ে গেলেও তার নেওয়া শট গোললাইন থেকে ফিরিয়ে দেন ডেভিড আলাবা।তবে ৩৮তম মিনিটে আর ভুল করেননি আর্জেন্টাইন অধিনায়ক। দারুণ দলগত আক্রমণ থেকে পাওয়া বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৭-তে। ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে (১৬ গোল) ছাড়িয়ে শীর্ষে উঠে যান।এছাড়া বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করে ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জাইরজিনহোর দীর্ঘদিনের রেকর্ডেও ভাগ বসান মেসি।প্রথমার্ধ শেষে আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামে স্কালোনির শিষ্যরা।